জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে হবে। এ জন্য অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। সন্তানের আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কি না, সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। কিছু তরুণ না বুঝে কথিত জিহাদে পা দিচ্ছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন-সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ৬ আগস্ট সকালে চকরিয়া গ্রামার স্কুলের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আমিনুর রশিদ, চুনতি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু নঈম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।

৭ আগস্ট চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এর আগে একটি মিছিল নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায়। একই দিন বিএম চর উচ্চবিদ্যালয়ের উদ্যোগেও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পেকুয়া: পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন ইউনিয়নের বনকানন এশায়েত উলুম মাদ্রাসার উদ্যোগে ৭ আগস্ট জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চার শতাধিক শিক্ষার্থী মাদ্রাসার সামনের সড়কে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে।

 বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী প্রধান দেলোয়ার হোসেন, শিক্ষক আহমদ শফি, মোজাম্মেল হক, মোহাম্মদ ইলিয়াছ, হাছান আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আহমদ হোসেন, সদস্য নুরুল কাদের প্রমুখ।