নেতার জন্য অপেক্ষা সবার। কিন্তু নেতা কী আসবেন? জনগণ নিশ্চিত নয়। নেতা আসার আগ মুহূর্ত পর্যন্ত জনগণ বিভিন্ন প্রতিক্রিয়া করতে থাকে। আর তাতে উঠে আসে সমসাময়িক বাংলাদেশ। ফেসবুকে আলাপের সূত্রে প্রেম, আর্টিজেন ও শোলাকিয়ার জঙ্গি হামলা, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথে নেওয়াসহ নানা বিষয়। এরপর দিশেহারা জনগণের সামনে হাজির হন নেতা। কিন্তু তাতেও বিপত্তি। এভাবেই নানা ঘটনার প্রতিফলনে এগিয়ে যায় পথনাটক তিনি আসবেন।
গত ২৬ আগস্ট সন্ধ্যা ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জঙ্গিবাদবিরোধী প্রতিবাদী এ পথনাটক মঞ্চস্থ হয়। ইউজিন আয়েনেস্কোর দ্য লিডার অবলম্বনে নাটকটির বর্তমান সময়োপযোগী করে ভাবানুবাদ ও নির্দেশনায় ছিলেন নাট্যকার ম. সাইফুল আলম চৌধুরী। গণায়নের প্রদর্শিত এই নাটকে অভিনয় করেছেন আবির মণ্ডল, ইমরান হোসেন, মামুনুল হক, শারাবান তাহুরা, মাহমুদুল হক, ফয়সাল ফারাবি, সজল দে, সোনিয়া শাহানা, মো. সোহান, লাব্রিচাই মারমা, ননাবি চাকমা, ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, উৎসব পোদ্দার, মো. এম এন এম রায়হান প্রমুখ।
সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ‘প্রতিরোধ প্রতিবাদ, রুখব এবার জঙ্গিবাদ’ এই স্লোগানে দুই দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী পথনাটকের আয়োজন করে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। আয়োজনে ছিল কথামালা ও পথনাটক। ২৬ আগস্ট চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, নাট্যকার ম. সাইফুল আলম চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন প্রচার সম্পাদক নাজিম উদ্দিন।
কথামালার পর হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রথম দিনের আয়োজনে ছিল কথক থিয়েটারের পরিবেশনায় পথনাটক রয়েল বেঙ্গল টাইগার। নাটকটি রচনা করেন লিয়াকত আলী। নির্দেশনায় ছিলেন জয় প্রকাশ চৌধুরী। এরপর গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করে তিনি আসছেন। আয়োজনের শুরুতে আবৃত্তি করেন শিল্পী দিলরুবা খানম।
দ্বিতীয় দিন ২৭ আগস্ট নাট্যাধার পরিবেশন করে নাটক হিড়িম্বা। নাটকটি রচনা করেন রুবাইয়াৎ আহমেদ ও নির্দেশনায় ছিলেন মোস্তফা কামাল। হিড়িম্বা নাটকের পর তির্যক নাট্যগোষ্ঠী পরিবেশন করে লজ্জা। নাটকটি রচনা করেন রফিউল কাদের ও নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন। এরপর থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করে একাত্তরের তেলেসমাতি। পথনাটক প্রদর্শনীর সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি খালেদ হেলাল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম। দ্বিতীয় দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলরুবা খানম।