চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারে আটক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের জঙ্গিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। জঙ্গিদের সঙ্গে সাক্ষাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাঁরা সাক্ষাৎ করতে আসছেন, তাঁদের ছবি তুলে রাখা হচ্ছে।
সম্প্রতি জেএমবি পরিচয়ে চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ও ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার পর এ নজরদারি বাড়ায় কারা কতৃর্পক্ষ। যদিও বর্ধমানের ঘটনায় বাংলাদেশের কোনো জঙ্গি জড়িত কিনা তা বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক ঘটনার জের ধরে কারাগারে আটক ২৫ জঙ্গির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তাঁদের সঙ্গে যাঁরা সাক্ষাৎ করতে আসছেন, তাঁদেরও ছবি তুলে রাখা হচ্ছে। প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রও দেখা হচ্ছে। পরবর্তী সময়ে কোনো ঘটনায় এ ছবি কাজে লাগতে পারে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ২৫ জঙ্গি আটক রয়েছেন। এঁদের মধ্যে ১৭৪ বছরের সাজাপ্রাপ্ত জেমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ রয়েছেন। বাকিরা হলেন আইয়ুব আলী ও শাহাদাত আলী, ওবায়দুর রহমান, আরিফুল ইসলাম, শাকিব খান, আসাদুজ্জামান, ইসমাইল, খোরশেদ আলম, আবদুল হাফিজ, আবুল কালাম, মোশারফ হোসেন, হাফিজুল ইসলাম, শামীম হোসেন, সালাহ উদ্দিন, মাহফুজুর রহমান, আবুল ফারাহ রুম্মান, আবদুল্লাহ আল আমিন, আবুল কালাম, আবদুল হাই, মুফতি হারুন ইজাহার, রাজু খন্দকার, শাহাদাত হোসেন, নাজমুল কাদের ও মোবারক হোসেন।
এসব জঙ্গি ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ৩ অক্টোবর বিচারকের এজলাসে বোমা হামলা ও ২৯ নভেম্বর আদালত ভবনে আত্মঘাতী বোমা হামলার মামলা এবং রাউজানে হরকাতুল জিহাদের প্রশিক্ষণকালে আটকের মামলায় আটক হয়ে কারাগারে আছেন।
কারা সূত্র জানায়, জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ওরফে সুমন ওরফে বোমা মিজান গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান। বোমা মিজান দীর্ঘদিন চট্টগ্রাম কারাগারে ছিলেন। তিনি চট্টগ্রামে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, বিচারকের এজলাসে বোমা হামলা ও আদালতে আত্মঘাতী বোমা হামলা মামলার আসামি। পলাতক এই জঙ্গি কারাগারে আটক জঙ্গিদের সঙ্গে ছদ্মবেশে কিংবা তাঁর সহযোগীদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এ সন্দেহে কারাগারে আটক ২৫ জঙ্গির ওপর নজরদারি বাড়িয়েছে কারা কর্তৃপক্ষ।
কারাগারে আটক ২৫ জঙ্গি বিভিন্ন মামলায় হাজিরা দিতে কারাগার থেকে আদালতে যাতায়াত করেন। এ সময়ও জঙ্গিরা যাতে কারও সঙ্গে যোগাযোগের সুযোগ না পান, সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে।
কারাগারের সেলে ও বিভিন্ন ওয়ার্ডে থাকা জঙ্গিদের ওপর কড়া নজর রাখতে ইতিমধ্যেই সব কারারক্ষীকে নির্দেশ দিয়েছেন কারা কর্তৃপক্ষ।