জট খুলছে পেকুয়ার জসিম হত্যা রহস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ভেলুয়ারপাড়া এলাকার সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন হত্যা রহস্যের জট খুলতে শুরু করেছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি জসিমকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। তিনি হলেন জসিমেরই চাচাতো ভাই দেলোয়ার হোসেন। পুরো ঘটনায় যুক্ত অন্য অপরাধীরা শিগগিরই ধরা পড়বেন বলে পুলিশ আশা করছে।
নিহত জসিমের পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাতে জসিমকে গলা কেটে ও শরীরে উপর্যুপরি ছুরির আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বাবা মাহমুদুল করিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মকবুল আহমদ।
বাদী জানান, ঘটনার পরপর তিনি বিভিন্নভাবে সন্দেহভাজন হত্যাকারীদের নাম জানতে পারেন। তাঁদের নাম তদন্তকারী কর্মকর্তা মকবুল আহমদকে দেওয়া হলেও তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। পরে পুলিশ সুপারের কাছে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন। নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর মামলার অগ্রগতি হয়।
বিষয়টি স্বীকার করে কক্সবাজার পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওসি (তদন্ত) নীলু কান্তি বড়ুয়াকে জসিম হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
সূত্র জানায়, দায়িত্ব নিয়েই ৮ ফেব্রুয়ারি রাতে চকরিয়া উপজেলার চিরিঙ্গা স্টেশন থেকে ভেলুয়ারপাড়ার শাহ আলমের ছেলে মোহাম্মদ বাচ্চুকে (২০) গ্রেপ্তার করেন ওসি। বাচ্চুর সঙ্গে থাকা পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার হেদায়তুর রহমানের ছেলে বখতেয়ার উদ্দিনকেও (২২) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকারীরা এক জোড়া জুতা ফেলে যায় জসিম উদ্দিনের লাশের পাশে। ওই জুতা জোড়া তাঁর বন্ধু মোহাম্মদ বাচ্চুর। বাচ্চু গত ৭ জানুয়ারি দিনে ও রাতে ১০-১২ বার ফোনে কথা বলেছেন জসিমের সঙ্গে। অন্য কোনো সময় তাঁদের মধ্যে সপ্তাহেও এতবার কথা হয়নি ফোনে। ঘটনার পর থেকে বাচ্চু পলাতক ছিলেন।
নীলু কান্তি বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বাচ্চু জসিমকে হত্যার ঘটনায় তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, জসিম ও দেলোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ি-ভিটা নিয়ে বিরোধ চলছিল। দেলোয়ারই জসিম উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। তাঁর কথামতো হত্যায় অংশ নেন বাচ্চু। মাস খানেক আগেও দেলোয়ার জসিমকে মেরেছিল। ‘তদন্তের স্বার্থে’ আর কে কে হত্যায় অংশ নিয়েছেন, তা এখনই বলা যাবে না।