
রৌদ্রোজ্জ্বল শীতের সকাল। হাভানার জন লেনন পার্কে বাসভর্তি পর্যটকের আগমন। দেখেই আলিদা রদ্রিগেজ-পেদ্রাসা সতর্ক হলেন।
কাছাকাছি একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি। লাফ দিয়ে উঠে সোজা ব্রোঞ্জ মূর্তিটির দিকে এগিয়ে গেলেন। মূর্তিটি গানের দল বিটলসের কিংবদন্তি গায়ক জন লেননের। পেদ্রাসা নিজের ছোট্ট ব্যাগ থেকে দ্রুত এক জোড়া চশমা বের করলেন। তারপর তা লেনন-মূর্তির নাকে পরিয়ে দিলেন। পর্যটকদের প্রথম দলটি ওখানে গিয়ে ছবি তোলা শুরু করার আগেই কাজটা তাঁকে সেরে ফেলতে হয়।
এটাই পেদ্রাসার চাকরি। তিনি লেননের চশমারক্ষী—কিউবার সবচেয়ে অদ্ভুত পেশা। এই কাজের জন্য সরকার মাসে ২৪৫ কিউবান পেসো বেতন দেয়। দেশটির অন্য অনেকের চেয়ে এই রোজগারের পরিমাণটা বেশি! ৭২ বছর বয়সী নারী পেদ্রাসা বললেন, দুই বছর ধরে এই চাকরি করছেন।
কিউবার সঙ্গে লেননের সম্পর্কটা বেশ মজার। ১৯৬৪ সালে দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বিটলসের সংগীত নিষিদ্ধ করেন। পশ্চিমা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণেই তিনি এ সিদ্ধান্ত নেন। তবে সেই সময় ব্যান্ড দলটি জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিল। চোরাচালানের মাধ্যমে তাদের গানের অনেক অ্যালবাম দ্বীপরাষ্ট্র কিউবায় চলে আসত। পেদ্রাসা বললেন, সত্তরের দশকে লেননকে লোকে খুব ভালোবাসত। তবে তাঁর গান শোনার অনুমতি ছিল না।
একপর্যায়ে লেনন ভিন্নমতাবলম্বী হয়ে ওঠেন। বিদেশি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনাও শুরু করেন। এ কারণেই তাঁকে কাস্ত্রোও পছন্দ করতে শুরু করেন। ২০০০ সালের ৮ ডিসেম্বর লেননের মৃত্যুর ২০তম বার্ষিকীতে কিউবা তাঁর একটি ব্রোঞ্জমূর্তি উন্মুক্ত করে। এটা একটা পার্কের বেঞ্চিতে বসানো আছে। এতে লেননের লম্বা চুল আর চমৎকার অবয়ব স্পষ্ট। মূর্তিটি স্থাপনের পরপরই চশমাটি চুরি শুরু হয়ে যায়। প্রতিবারই সরকার নতুন চশমা লাগিয়ে দিয়েছে। তারপর আবার চুরি গেছে।
বছর দুই আগে পেদ্রাসার নিজের চশমাজোড়াও লেননের মূর্তি থেকে চুরি হয়ে যায়। পেদ্রাসা বলেন, ‘ওগুলো আমার ছিল। আমি খেয়ালও রেখেছিলাম। কিন্তু পেছন ফিরতেই দেখি সেগুলো হাওয়া।’
একপর্যায়ে হাভানার কর্তৃপক্ষ পেদ্রাসাকেই ওই চশমা পাহারার দায়িত্ব দেয়। মূর্তিটির নিচের চত্বরে লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানের কথাগুলো লেখা আছে। পেদ্রাসা বললেন, ‘কতবার যে এই গান শুনেছি!’
তারপর হেসে গুনগুন করলেন, ‘বলতে পারেন আমি স্বপ্নচারী, কিন্তু আমিই তো একমাত্র নই।’