জনকল্যাণ ও গতিশীল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনকে গতিশীল করা সম্ভব। এর জন্য প্রয়োজন রাজনৈতিক প্রত্যয়। আড়াই হাজার বছর আগে চাণক্য নামক একজন উপদেষ্টার পরামর্শে এ ধরনের ব্যবস্থা নিয়ে স্মরণীয় হয়ে আছেন চন্দ্রগুপ্ত মৌর্য

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রাষ্ট্রের ধর্ম নাগরিকদের সুরক্ষা ও অব্যাহত কল্যাণ সাধন। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে সামরিক বাহিনী। আর অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলাসহ জনগণের কল্যাণমুখী অন্য সব দায়িত্ব থাকে বেসামরিক প্রশাসনের হাতে। প্রাচীনকাল থেকে রাষ্ট্রকাঠামোর বেসামরিক অঙ্গটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের মেধা, কর্তব্যপরায়ণতা ও সময়োপযোগী ভূমিকা যেকোনো দেশের জনগণের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। রাষ্ট্রপরিচালনার মূল দায়িত্বে প্রাচীনকালে থাকতেন রাজা। আধুনিক সমাজে সে ভূমিকায় প্রায় ক্ষেত্রে আছেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। তবে রাষ্ট্রের প্রকৃতি রাজতন্ত্র, গণতন্ত্র বা একনায়কতন্ত্র যেটাই হোক, সেখানে জনপ্রশাসনের একটি মুখ্য ভূমিকা থেকে যায়। তারা যত দক্ষ ও গতিশীল হবে, তত সমৃদ্ধ হবে সে দেশের শাসনব্যবস্থা। শাসনকাজের শীর্ষ দায়িত্বে যাঁরা থাকেন, তাঁদের হাত জোরদার হবে। জনগণের কাছে বৃদ্ধি পাবে তাঁদের গ্রহণযোগ্যতা।
প্রকৃতপক্ষে সুশাসন ও গতিশীল প্রশাসন একে অপরের পরিপূরক। জনগণকে সেবাদানকারী সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকা সুশাসনের একটি প্রধান নিয়ামক। এটা গাণিতিক প্রক্রিয়ায় যাচাই করার ব্যবস্থা না থাকলেও এসব সংস্থার প্রতি জনগণের আস্থা বিশ্লেষণ করে ধারণা পাওয়া যায়। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন-প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও জনকল্যাণকর করতেও শাসনব্যবস্থার সর্বস্তরে গতিশীলতার বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে জনপ্রতিনিধিরা জনকল্যাণের জন্য জনগণের কাছে দায়বদ্ধ। রাজতন্ত্রের যুগেও অনেক শাসক জনকল্যাণমূলক কাজ করে সুশাসকরূপে খ্যাতি অর্জন করেছেন। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের নাম এখানে উল্লেখ করা যেতে পারে। তাঁর প্রধান উপদেষ্টা ছিলেন শিক্ষক ও দার্শনিক চাণক্য। চাণক্যের অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্রে উল্লেখ রয়েছে, রাজার পবিত্র দায়িত্ব জনগণের অব্যাহত কল্যাণ সাধন করা। রাজ্যের শাসন রাজার ধর্মীয় দায়িত্ব। সবাইকে সমভাবে দেখা সবচেয়ে বড় কাজ। এই দর্শন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে শাসকের আবশ্যক হবে একদল দক্ষ ও নিবেদিত কর্মকর্তা। তারা এ নৈতিক দিকটিতে উদ্বুদ্ধ হয়ে স্বীয় দায়িত্ব পালনে তৎপর হবে। আর সে তৎপরতাই গতিশীলতা। পরবর্তী সময়ে মুসলিম শাসনামলেও বেশ কয়েকজন শাসক এ ধরনের সুনাম অর্জন করেছেন। তাঁদের মধ্যে সম্রাট আকবরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। উপযুক্ত কর্মচারী নিয়োগ ও প্রজাকল্যাণে তাদের প্রেরণা দিয়ে সুশাসন নিশ্চিত করেছেন তাঁরা।
এ ধরনের দক্ষ ও নিবেদিত কর্মকর্তা পেতে হলে প্রয়োজন অত্যন্ত যোগ্য কর্মীদের নিযুক্তি এবং তাঁদের প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল রপ্ত করার জন্য প্রশিক্ষণ। তা ছাড়া তাঁদের অনুপ্রাণিত করতে হবে দলমত ও শ্রেণি-নির্বিশেষে সব নাগরিকের সঙ্গে ন্যায়সংগত আচরণ করতে। উচ্চ শ্রেণির রাজকার্যের কাজে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আভিজাত্যকে নিয়ামক হিসেবে ধরা হতো। সে ব্যবস্থার ইতি ঘটিয়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয় প্রাচ্যভূমি চীনে, আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে। রাজকর্মচারীদের এই জ্ঞানী ও সফল শ্রেণিটি বিভিন্ন দেশের নজরে আসতে থাকে। ইউরোপও একপর্যায়ে এই নিয়োগপদ্ধতি গ্রহণ করে। আর আমরা তা পেলাম ব্রিটিশ শাসনকালে। মোটামুটি এরই ধারাবাহিকতায় চলছে উপমহাদেশের তিনটি দেশের সিভিল সার্ভিস। তবে ভারত উত্তরোত্তর এ প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ ও দক্ষ করেছে। এর দৃশ্যমান সুফলও তারা ভোগ করছে।
সুশাসন একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। কোনো দেশের আর্থিক ও সামাজিক খাতে অগ্রগতির জন্য আইনশৃঙ্খলা বজায় রাখার আবশ্যকতা আলোচনার অপেক্ষা রাখে না। দুষ্টের দমন আর শিষ্টের পালন যেকোনো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে আবশ্যক হয় উপযুক্ত আইনি কাঠামো। তদুপরি দক্ষ ও নিবেদিত আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও বিচারব্যবস্থার গতিশীলতা রাষ্ট্রের এই ভূমিকা নিশ্চিত করে। উন্নয়নকাজের জন্য যথাযথ অবকাঠামো তৈরি আবশ্যক হয়। উৎপাদনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন উপকরণের সরবরাহ। যৌক্তিক কর ধার্য ও আদায় নিশ্চিত করে সামাজিক ন্যায্যতা। এর জন্যও প্রয়োজন রয়েছে যথোপযুক্ত প্রাতিষ্ঠানিক অবকাঠামো। প্রতিষ্ঠানগুলো গতিশীল হলে শাসনব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ে। বিনিয়োগের পথে অকারণ প্রতিবন্ধকতা দূর করতে জনপ্রশাসনের সচেষ্ট থাকা প্রয়োজন। তবে আমলাতান্ত্রিক জটিলতা পরিহারের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির দ্বার খুলে দেওয়া যাবে না। ভেজালসামগ্রী তৈরি ও বিক্রি, মানি লন্ডারিংসহ জনগণের জন্য অহিতকর কাজগুলোতে প্রতিবন্ধকতাই সৃষ্টি করতে হবে জনপ্রশাসনকে। এভাবে চলতে থাকলে জনগণই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে। সরকারের সংস্থাগুলো মূলত থাকবে নিয়ন্ত্রক ও সহায়ক শক্তির ভূমিকায়।
এ বিষয়ে আমাদের দেশের হাল আমলের চিত্রটি একটু পর্যালোচনা করা আবশ্যক। এটা সর্বাংশে নেতিবাচক বললে অনেকের প্রতি অবিচার করা হবে। তবে সেবামূলক সংস্থাগুলোর কার্যক্রম বিশদভাবে আলোচনা না করলেও তাদের প্রতি সুবিচার করার সুযোগ কম। জনগণের আস্থা অর্জনে আমাদের জনপ্রশাসনের অক্ষমতা কোনো গোপনীয় বিষয় নয়। তাদের কার্যক্রমে গতিশীলতা অনুপস্থিত। তবে তাদের নিজেদের স্বার্থ জড়িত থাকলে অতি গতিশীল হয়, এমন দুঃখজনক চিত্র বিরল নয়। নিজেদের প্রতিকূলে গেলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদিও বিলম্বিত করার প্রচেষ্টা প্রায়ই নজরে আসে। সম্প্রতি স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের দেওয়া পদকে নকল সোনা ব্যবহার, আর কতিপয় কর্মকর্তার মুক্তিযোদ্ধার জাল সনদপত্র ব্যবহার বিষয়ে ব্যবস্থা গ্রহণে অতি ধীরে চলার নীতি কারও নজর এড়ায় না। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাও হাইকোর্টের আদেশ না হলে এত দূর আসত কি না, সন্দেহ থেকে যায়। অন্ধকারে রয়ে গেছে তরুণ সাংবাদিক দম্পতিসহ বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। অনেক গুম হওয়া মানুষের সন্ধানই আর মেলেনি। খবরে জানা যায়, আট মাসেও ৮০ জন সহকারী জজের পুলিশ যাচাই প্রতিবেদন না পাওয়ায় নিয়োগপ্রক্রিয়া আটকে আছে। রানা প্লাজা ধসের পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বেশ কিছু কারখানা পরিদর্শকের পদ সৃজনের দাবি জানায় ক্রেতাদেশশুলো। সেই জরুরি নিয়োগপ্রক্রিয়াটি এখনো অসম্পূর্ণ রয়েছে।
প্রশ্ন আসবে, এরূপ কেন হবে? হতে পারে প্রশাসনযন্ত্রের একটি অংশের দায়িত্ব পালনে অনীহা থেকে। অনেক বিশ্লেষণে দেখা গেছে, নিয়োগে মেধার অবজ্ঞা, পদায়ন ও পদোন্নতিতে দলীয় বিবেচনা প্রশাসনের মান ক্রমেই নিম্নমুখী করছে। তাদের প্রশিক্ষণপ্রক্রিয়াও যথোপযুক্ত নয়। তাই ইপ্সিত গতিশীলতা আসছে না প্রজাতন্ত্রের কাজে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। এমনিতে জনপ্রশাসনের সব ক্যাডারে বেশ কিছু মেধাবী ও সজ্জন কর্মকর্তা রয়েছেন। তাঁরা নৈর্ব্যক্তিকভাবেই জনসেবায় নিয়োজিত থাকতে চান। কিন্তু বাধা আসে প্রায় ক্ষেত্রে। অনেক সময় সে বাধা হয় রূঢ়। ফলে তাঁরা হতোদ্যম হয়ে পড়েন। আর কিছু কর্মকর্তা যখন যারা ক্ষমতায় থাকে তাদের সক্রিয় সমর্থক বনে যান। তাঁদের অন্যায় ও দোষত্রুটি সরকার উপেক্ষা করে চলে। এতে ক্রমান্বয়ে তাঁরা আরও সাহসী ও বেপরোয়া হচ্ছেন। দুই দশক আগে এ অবস্থার সূচনা। সরকার পরিবর্তন হলেও পরিস্থিতি অপরিবর্তিত থেকে যাচ্ছে। এসব কিছু মিলিয়েই প্রশাসনের লক্ষণীয় গতিশীলতা অনুপস্থিত। তা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে দেশে যেটুকু সাফল্য অর্জিত হয়েছে তার নায়ক জনগণ। তবে সহায়ক শক্তি ছিল সরকার। আর সরকারের পক্ষে জনপ্রশাসনই কাজগুলো করেছে, এটা না বললে জনপ্রশাসনের প্রতি অবিচার করা হবে। সুশাসন নিশ্চিত করা না গেলেও আইনশৃঙ্খলা-ব্যবস্থা ভেঙে পড়েনি।
এতসব সাফল্যের মধ্যেও নেতিবাচক দিকগুলোই বেশি আলোচিত ও সমালোচিত হয়। চেষ্টা করলে এই নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে ওঠা সম্ভব। জনপ্রশাসনকে গতিশীল করা সম্ভব। এর জন্য প্রয়োজন রাজনৈতিক প্রত্যয়। আড়াই হাজার বছর আগে চাণক্য নামক একজন উপদেষ্টার পরামর্শে এ ধরনের ব্যবস্থা নিয়ে স্মরণীয় হয়ে আছেন চন্দ্রগুপ্ত মৌর্য। স্মরণীয় হয়ে আছেন সম্রাট আকবরসহ অনেক নৃপতি। আমাদের শাসকদের মধ্যেও এরূপ স্মরণীয় হওয়ার প্রেরণা আসবে, এটা খুব দুরাশা নয়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।