জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে: বিএনপি
‘আমরা হরতালের পক্ষে নই, কিন্তু সরকারই জুলুম-নির্যাতন-হামলা-মামলা চালিয়ে আমাদের হরতাল ডাকতে বাধ্য করেছে।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আজকের হরতাল আহ্বানের যৌক্তিকতা তুলে ধরে গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে এমন প্রতিক্রিয়া জানান। পাঁচলাইশের নিজ চেম্বারে প্রথম আলোর প্রতিবেদককে তিনি বলেন, ‘আমরা হরতালে কাউকে বাধ্য করব না, জনগণই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে। আর হরতালে ভাঙচুর-নৈরাজ্যসহ ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না। কাজেই এ হরতালেও বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না।’ হরতাল আহ্বানের পটভূমি, এর যৌক্তিকতা এবং হরতালের প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে কথোপকথনের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো।প্রথম আলো: যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার করে। অথচ আপনারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে দাবি করে আসছেন। তাহলে সাকার মতো একজন যুদ্ধাপরাধীর পক্ষে কেন এ হরতাল? এ ছাড়া আপনারা সব সময় হরতালের বিরুদ্ধে কথা বলতেন। এখন কেন হরতাল ডাকা শুরু করেছেন।শাহাদাৎ হোসেন: সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তাঁকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছে তা অমানবিক। এ কারণে আমরা হরতাল ডেকেছি। আমরা কখনো হরতালের পক্ষে নই। সরকার আমাদের হরতাল করতে বাধ্য করছে। আমরা জানি, হরতালে অনেক ক্ষতি হয়। আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে জোট সরকারের শাসনামলের প্রথম দুই বছরে ৬১টি হরতাল করেছে। আমরা তো দুই বছরে মাত্র তিনটি হরতাল ডেকেছি। প্রথম আলো: আওয়ামী লীগ হরতাল করেছে বলে কী আপনারাও করবেন?শাহাদাৎ হোসেন: দেশ পরিচালনায় বিএনপি সরকারকে সহযোগিতা দিতে চায়। অথচ আওয়ামী লীগ বিএনপিকে দূরে ঠেলে দিচ্ছে। জুলুম-নির্যাতন চালাচ্ছে। পিঠ দেয়ালে ঠেকে গেলে তো হরতাল দেওয়া ছাড়া উপায় থাকে না।প্রথম আলো: সাকার পক্ষে হরতাল ডেকে কার্যত আপনারা যুদ্ধাপরাধীদের পক্ষে কী অবস্থান নেননি?শাহাদাৎ হোসেন: সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তা আদালত দেখবে। এ বিষয়ে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের কার্যক্রম নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না। তবে রোববার তাঁর গ্রেপ্তারি পরোয়ানার শুনানি হবে বলে শুনেছি। শুনানির আগে তাঁকে গ্রেপ্তার করা সমীচীন হয়েছে বলে আমি মনে করি না। আর বিএনপি যুদ্ধাপরাধীদের কখনো সমর্থন দেয় না।প্রথম আলো: যুদ্ধাপরাধীদের সমর্থন দেন না বলে আপনি বলছেন। সাকার বিরুদ্ধে তো নূতনচন্দ্র সিংহসহ রাউজানের ঊনসত্তরপাড়ায় গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগ আছে। এটা কী আপনাদের স্ববিরোধী বক্তব্য নয়? শাহাদাৎ হোসেন: একাত্তরে সালাউদ্দিন কাদের সাহেব কী করেছেন সেটা আদালতের বিচার্য বিষয়। তাঁর বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে তা তো আদালতে এখনো প্রমাণিত হয়নি। আমি কেন তাঁকে যুদ্ধাপরাধী বলব?প্রথম আলো: তাঁর বিরুদ্ধে অনেক সাক্ষ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালের তদন্ত দল। শাহাদাৎ হোসেন: আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।প্রথম আলো: আপনারা আপনাদের নেতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে আসছেন। আর সাকা চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিতর্কিত হয়েছেন। আপনারা কোন চেতনা নিয়ে নতুন প্রজন্মের কাছে যেতে চান? জিয়া নাকি সাকা?শাহাদাৎ হোসেন: আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক। নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার বার্তা পৌঁছে দিচ্ছি। আর এ জায়গায় সালাউদ্দিন কাদের সাহেবকে কেন টেনে আনছেন?