জনগণ হরতাল প্রত্যাখ্যান করবে: আওয়ামী লীগ
আজকের হরতাল নিয়ে নগর আওয়ামী লীগের দুটি অংশ আলাদা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। দলের নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, দলীয় সাংসদ এম আবদুল লতিফ ও আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বাধীন অংশ হরতাল প্রতিরোধে আজ বিকেল আড়াইটায় পুরোনো রেল স্টেশন চত্বরে সমাবেশ ডেকেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সাংসদ নুরুল ইসলাম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের নেতৃত্বাধীন অংশ হরতালে কোনো ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে না বলে জানিয়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছালাম বলেন, ‘হরতালে জনগণ কী সিদ্ধান্ত নেন তা আমরা দেখতে চাই। হরতাল হলে হয়তো জনগণ ভয়ভীতির কারণে করবে, হরতালে জনগণের কোনো স্বতঃস্ফূর্ততা থাকবে না।’ গতকাল শনিবার সকালে চশমা হিলের বাসভবনে প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হরতালের প্রতিবাদ ও প্রতিরোধে আমরা রেল স্টেশনে সমাবেশ ডেকেছি।’ তিনি বলেন, ‘হরতালের দিন আমি নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় নামব। আশাকরি, নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল প্রতিরোধ করবে। হরতালের দিন সমাবেশ সফল ও হরতালবিরোধী জনমত সৃষ্টিতে নগরের ৩৭টি পয়েন্টে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে।’ তাঁর বাসভবনে গতকাল রাতে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিতসভায় হরতাল প্রতিরোধের কৌশল নির্ধারণ করা হলে বলে তিনি জানান। তার সঙ্গে কথোপকথনের কিছু অংশ নিচে তুলে ধরা হলো: প্রথম আলো: আজ আপনারা হরতালের বিরোধিতা করছেন, অথচ বিরোধীদলে থাকাকালে আপনারাই বেশি হরতাল করেছেন। এই বৈপরীত্য কেন?মহিউদ্দিন: আমরা অবশ্যই হরতালের বিপক্ষে নই। ন্যায়-সংগত দাবি আদায়ের জন্য হরতাল হলো সর্বশেষ অস্ত্র। তার আগে সভা-সমাবেশ, স্মারকলিপি ও মিছিল করতে হয়। সর্বশেষ দাবি মানার জন্য সরকারকে সময় বেঁধে দিতে হয়। সেই সময় পার হলেই হরতাল করা যায়। এভাবে ধুম করে হরতাল হয় না, জনগণ এ হরতাল স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করবে।প্রথম আলো: হরতালের দিন আপনাদের কী কর্মসূচি থাকবে?মহিউদ্দিন: হরতালের আগের দিন থেকে আমরা রাস্তায় নেমে গেছি। হরতালের দিন আমাদের সমাবেশ হবে রেল স্টেশনে। হরতালবিরোধী জনমত সৃষ্টির জন্য এসব করা হচ্ছে।প্রথম আলো: আপনি হরতাল প্রতিরোধের কথা বলেছেন, কীভাবে এ প্রতিরোধ হবে?মহিউদ্দিন: আমরা নই, জনগণই এ হরতাল প্রতিহত করবে, এজন্য সভা-সমাবেশ আলোচনা সভার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে তুলছি। এরই অংশ হিসেবে নগরের ৪৩টি সাংগঠনিক জেলা ও ১১টি থানা কমিটির দলীয় নেতা-কর্মীরা রাস্তায় থাকতে বলা হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন মালিক ও চালক সমিতির সঙ্গে বৈঠক করে আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নিচ্ছি। আশাকরি, বিএনপির ডাকা হরতালে যানবাহন বাস-ট্রাক, ট্যাক্সি-টেম্পো চলাচল স্বাভাবিক থাকবে এবং প্রশাসন এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।