জনগণই রাজপথে তাঁদের প্রতিহত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সভাপতি, নগর বিএনপি

প্রথম আলো : আবার ৬০ ঘন্টার হরতাল। আপনাদের প্রস্তুতি কেমন?

আমীর খসরু: জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী সংলাপের সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংলাপ শুরু না হলে রোববার (আজ) থেকে ৬০ ঘণ্টার হরতাল শুরু হবে। জনগণই তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বতঃস্ফূর্ত হরতাল কর্মসূচি পালন করবে।

প্রথম আলো: আওয়ামী লীগ হরতাল প্রতিহত করতে মাঠে থাকবে। এতে সংঘাতের আশঙ্কা করছেন কি?

আমীর খসরু: আমরা তো কিছু করব না। আওয়ামী লীগ জনগণের মুখোমুখি হতে চাইলে আমাদের কী করার আছে। তাহলে সমস্যা তো আওয়ামী লীগই তৈরি করবে। জনগণই রাজপথে তাঁদের প্রতিহত করবে।

প্রথম আলো: তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা তো থেকে যায়। কী মনে হয় আপনার?

আমীর খসরু: জনগণ তাঁদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য হরতাল পালন করবে। এই অধিকার পালনে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত সহযোগিতা করা, আওয়ামী লীগ বাধা দিলে সেটাও প্রতিহত করা। যেমন আমরা শুক্রবার সমাবেশ ডেকেছিলাম। সেটার ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্দোলন দমনের অপচেষ্টা করা হয়েছে। আমাদের দাবির মুখে প্রশাসন সেই অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। আমরা স্বতঃস্ফূর্ত সমাবেশ করে দেখিয়ে দিয়েছি, জনগণ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।

আর যেকোনো ধরনের অপতৎপরতা জনগণই রাজপথে রুখে দেবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি কেন হবে?

প্রথম আলো: অবস্থার উন্নতির জন্য এখন করা উচিত?

আমীর খসরু: দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন—এটা প্রধানমন্ত্রীকে উপলব্ধি করতে হবে। আমাদের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী কাছাকাছি একটা অবস্থানে গেলে ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এতে প্রধানমন্ত্রী, দেশ ও গণতন্ত্র—সবই রক্ষা পাবে। আমরাও শান্তি চাই, জানমালের নিরাপত্তা চাই। তবে এ জন্য প্রধানমন্ত্রীকে নমনীয় হতে হবে।