
জনগণকে সঠিক পথ দেখাবে যোগ্য নেতৃত্ব। জনগণের সেবা করাই তরুণদের মূল লক্ষ্য হতে হবে।
৩ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ছায়া জাতিসংঘ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কর্মশালা আয়োজনে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি। কর্মশালায় প্রশিক্ষণ দেন মুনার রাফি রেজা, তানভির রুবাইয়াত ও মাহজাবিন হাই।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন প্রাক্তন রোটারি গভর্নর এম এ আউয়াল, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চিটাগাংয়ের সভাপতি এস এম আবু তৈয়ব, রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি মোহাম্মদ রেজাউর রহমান।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জাতিসংঘ গঠিত হয়েছে জনগণের জন্য। জনগণের সর্বোচ্চ অংশগ্রহণই নিশ্চিত করে জাতিসংঘের সাফল্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশকে আরও প্রগতিশীল করার প্রধান ভূমিকা পালন করতে হবে তোমাদের।’
কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাফহিম হিমেল, সাবের শাহ, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, বিতর্ক সম্পাদক কাজী আরফাত, অনুষ্ঠান সমন্বয়কারী রিদোয়ান আলম প্রমুখ।
কর্মশালায় চট্টগ্রামের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।