জনগণের মুখোমুখি পৌর মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের মুখোমুখি হলেন রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। গত রোববার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে ব্যতিক্রমী এক অনুষ্ঠানে তাঁরা নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা রাঙামাটিকে পর্যটকবান্ধব ও সুন্দর শহরে পরিণত করার প্রতিশ্রুতিও দেন। ‘জনগণের মুখোমুখি রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।উপস্থিত নাগরিকদের উদ্দেশে মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘পৌরসভার কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও যথাযথভাবে পৌরবাসীদের সেবা দিতে পারছি না। চেষ্টা থাকবে সব নাগরিকের কাছে সেবা পৌঁছে দেওয়ার। এ ছাড়া পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’সূচনা বক্তব্যে মেয়র পৌরসভার গত এক বছরের সফলতা, ব্যর্থতাসহ পৌরসভার বিভিন্ন সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। আগামী বছর পৌরসভার উন্নয়ন বাজেট জনসম্মুখে প্রকাশ করা হবে বলে তিনি জানান।সভায় শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়োনিষ্কাশন, গণ-শৌচাগার, কসাইখানা, রাস্তা সংস্কার, কর নির্ধারণ, পানি ও বিদ্যুৎব্যবস্থা এবং কাপ্তাই হ্রদের পরিবেশ দূষণ বিষয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র ও কাউন্সিলররা। এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়র ও কাউন্সিলররা নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তাঁরা জানান, পৌরকর পরিশোধ না করলেও সব নাগরিককেই নাগরিক সুবিধা দেওয়া হবে। প্রশ্নোত্তর পর্ব শেষে পৌরসভার উন্নয়ন বিষয়ে পৌরবাসীদের পক্ষ থেকে দুজন নাগরিক বক্তব্য দেন। সনাকের সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘পৌরসভার উন্নয়নের জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে।’ তিনি পৌরসভা মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার অনুরোধ জানান।