জনতা ব্যাংকে দুটি পদের পরীক্ষা জানুয়ারিতে
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ও অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে। মানবসম্পদ উন্নয়ন বিভাগ জানায়, অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে ১৫৪ জনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ১৬ হাজার ৫০০ জন। এই পদের পরীক্ষা হবে ৯ জানুয়ারি। আর অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর পদে ৪৯৪ জনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৩০ হাজার ৫০০ জন প্রার্থী। এই পদের পরীক্ষার দিন চূড়ান্ত না হলেও জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।
পরীক্ষার ধরন
যেহেতু ব্যাংকের চাকরির জন্য প্রতিযোগিতা তীব্র, সে জন্য আগ্রহী প্রার্থীদের প্রস্তুতি ভালো হতেই হবে। এ প্রসঙ্গে জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তারা জানান, সাধারণত প্রার্থীদের আবেদনপত্র বাছাই করার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগের নিয়োগ পরীক্ষার আলোকে বলা যায়, এ ধরনের পদের জন্য এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সে অনুযায়ী প্রার্থীকে পার্ট-১ অংশে নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) এবং পার্ট-২ অংশে বর্ণনামূলক পরীক্ষায় অংশ নিতে হয়। এখানে নৈর্ব্যক্তিকে ১০০ নম্বর, লিখিত ২০০ ও মৌখিক পরীক্ষায় ২৫ নম্বরের থাকে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ) বিষয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষায় বিষয়ভিত্তিক, সমসাময়িক ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হয়ে থাকে।
বাংল
বাংলা বিষয়ে সাধারণত উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রশ্ন হয়ে থাকে। ভাষা ও সাহিত্যে বাংলা সাহিত্যের ইতিহাস-সম্পর্কিত গ্রন্থ ও গ্রন্থাকার, বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম রচনা, সাহিত্যিকদের প্রকৃত নাম, উপাধি ও ছদ্মনাম, গ্রন্থকারের জন্মকাল, জন্মস্থান প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন হতে পারে। ব্যাকরণে শব্দ, বাক্য, সন্ধিবিচ্ছেদ, প্রত্যয় ও সমাস নির্ণয়, কারক ও বিভক্তি, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, দেশি-বিদেশি শব্দ, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, বাগ্ধারা, বাংলা অনুবাদ প্রভৃতি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে। আর রচনামূলক অংশে সমসাময়িক কোনো বিষয়ে অনুচ্ছেদ বা রচনা লিখতে বলা হতে পারে।
ইংরেজি
ইংরেজি বিষয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য, শূন্যস্থান পূরণ, প্রিপজিশন, ক্রিয়ার সঠিক ব্যবহার, বাক্য শুদ্ধিকরণ, অনুবাদ, জোড়া শব্দ, শব্দ পরিবর্তন, ন্যারেশন, কাল, শব্দার্থ, ফ্রেজ ও ইডিয়ম প্রভৃতি সম্পর্কে নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়ে থাকে। লিখিত পরীক্ষায় প্যারাগ্রাফ লিখন, সারমর্ম লিখন, রচনা, অনুচ্ছেদ ও পত্র লেখা নিয়ে প্রশ্ন থাকবে।
গণিত
গণিত বিষয়ে প্রশ্ন হয় সাধারণত মাধ্যমিক বা সমমানের। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির ওপর যেকোনো প্রশ্ন হতে পারে। সাধারণ অনুশীলনের জন্য আপনি ল.সা.গু. ও গ.সা.গু., মেট্রিক প্রণালি, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, লাভ-ক্ষতি, সুদকষা, গড়, শতকরা ইত্যাদি বিষয়ে প্রশ্ন হতে পারে।
সাধারণ জ্ঞান
সমসাময়িক ঘটে যাওয়া বিষয় নিয়ে সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হয়ে থাকে। সেটা হতে পারে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে। বাংলাদেশ বিষয়ে কৃষিজ, বনজ, প্রাণিজ ও খনিজ সম্পদ, মুক্তিযুদ্ধ, শিল্প ও বাণিজ্য, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদনদী, সংস্থা ও প্রতিষ্ঠান, পুরস্কার ও সম্মাননা, নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে প্রশ্ন হবে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়ে বেশি প্রশ্ন আসে। বিশ্ব রাজনীতি, দেশ ও জাতি, সীমারেখা, বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, চুক্তি ও সনদ, পুরস্কার ও সম্মাননা, বিখ্যাত স্থান ও স্থাপনা বিষয়ে জ্ঞান রাখতে হবে। ব্যাংকের এই পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার বিষয়েও প্রশ্ন হতে পারে।