আম্মাকে মনে পড়ে সব সময়—সারা দিন, সারা বেলা, সব কাজে, সব সিদ্ধান্তে আর সব দুঃখ-সুখে। আমি ভাবি, আম্মা কেমন করে একজন এত ভালো আদর্শ মা হতে পেরেছেন, যিনি নিজে কোনো দিন মায়ের ভালোবাসা পাননি। মাত্র চার বছর বয়সে আম্মা তাঁর মাকে হারিয়েছেন। বাড়ির ছোট্ট মেয়েটি ভাইবোন আর বাবার কাছে মানুষ হয়েছেন। স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ে হয়েছে বিশাল পরিবারে। কিছুদিন চেষ্টা করার পর নিজের লেখাপড়ার আশা ছেড়ে সংসারেই মন দিয়েছিলেন পুরোপুরি। নিজের ছেলেমেয়ে ছাড়াও আমার আরও চাচাতো ভাইবোনের লেখাপড়া, দেখভাল—সব দায়িত্ব নিয়েছেন সারাটি জীবন। লেখাপড়াটা শেষ পর্যন্ত হয়নি, কিন্তু অভিজ্ঞতার আলোকে আম্মার শিক্ষা, মূল্যবোধ, নীতিবোধ ছাড়িয়ে যায় অনেক উচ্চ ডিগ্রিধারীকে। নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সন্তানের জন্য স্বপ্ন দেখেছেন অনেক বড়। ছোটবেলা লেখাপড়া শিখিয়েছিলেন আম্মাই, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। সংসারের হাজার কাজের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় খাবার টেবিলের চারপাশে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে পড়াতে বসতেন। এর কখনো নড়চড় হয়নি। মনে পড়ে, বিকেলে চুল বেঁধে দিতে দিতে জিজ্ঞেস করে বসতেন, ‘সাতের নামতা বল তো!’ শুধু লেখাপড়া নয়, প্রতিটি ব্যাপারে আম্মা ছিলেন সদাসতর্ক। সন্তানকে একজন ভালো মানুষ করে গড়ে তোলার এই অবিরাম পরিশ্রম কতটা সার্থক হয়েছে জানি না, কিন্তু তাঁর ত্রুটিহীন চেষ্টা ছিল সবার জন্য অনুকরণীয়। এমন নীতিবান আদর্শ মানুষ পৃথিবীতে কম জন্মান, যিনি নীতির প্রশ্নে নিজের ছেলেমেয়েদের বেলাতেও ছাড় দেন না। অগণিত মানুষ আমাদের বাড়িতে দিনের পর দিন খেয়ে, থেকে, চিকিৎসা করিয়ে, যাওয়ার সময় গাড়ি ভাড়ার টাকা নিয়ে গেছেন। আমরা অনুযোগ করলে আম্মা বলতেন, ‘দশজনের ভাগ্যে বিধাতা একজনকে দেন।’ অথচ আম্মা আমার নিভৃতচারিণী, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না, আজকাল দিনের বেশির ভাগ সময় কাটান জায়নামাজে। কিন্তু কোনো গোঁড়ামি তাঁকে স্পর্শ করে না; মনের দিক থেকে প্রচণ্ড আধুনিক এবং উদার। আমার কাছে আম্মা একজন মানদণ্ডের মতো প্রায় সব ক্ষেত্রে। আম্মার সৌন্দর্য আর রুচিবোধ সবাইকে করে চমৎকৃত। সামান্য খাবারের আয়োজনটিও আম্মা এত সুন্দর করে করেন যে তা দেখেই বোঝা যায় অমৃততুল্য। আমরা ছোটবেলা থেকেই আম্মার হাতের কেক, বিস্কুট, দেশি-বিদেশি হরেক রকম খাবার খেয়ে বড় হয়েছি। সচ্ছলতার মধ্যে থেকেও নিজের ব্যাপারে এমন মিতব্যয়ী হতে শুধু আম্মাকেই দেখেছি। আমার মনে পড়ে না, কোনো দিন আম্মা নিজের জন্য একটা শাড়ি বা গয়না কিনেছেন। অতি অল্পে খুশি হওয়ায়ই তাঁর আনন্দ, আর আনন্দ অন্যকে দিতে। রান্নাঘরে জীবনের অধিকাংশ সময় কাটালেও নিজে কখনো ঠিক করে খেতেন না, ফলে অসুখ-বিসুখ তাঁর চিরসাথি। বিদেশে থাকি বলে যখন দেশে যাই, এক গ্লাস পানিও যেন ঢেলে খেতে না হয় সে ব্যবস্থা করে রাখেন। বেড়াতে গিয়ে পুরো মাস তাঁকে ব্যতিব্যস্ত রাখি, অথচ মধুর হাসিটা তাঁর মুখে লেগেই থাকে। যিনি কোনো দিন মায়ের ভালোবাসা পাননি, তিনি কেমন করে পারেন এত ভালোবাসা দিতে। মুখের দিকে তাকিয়েই কেমন করে বুঝে ফেলেন, সুখে আছি না দুঃখে আছি! একবার আমার গলায় কাঁটা বিঁধেছিল; আমি ভীষণ অস্বস্তিতে আছি। আম্মা আমাকে কলা, সাদা ভাত গেলালেন, অনেক দোয়া পড়ে ফুঁ দিলেন; কিছুতেই কিছু হচ্ছে না। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ‘এখন কেমন লাগছে?’ সারা দিন এ-কাজ সে-কাজের পর আমি কাঁটার ব্যাপারটা ভুলেই গেছি। আম্মা আবার জিজ্ঞেস করতেই মনে পড়ল। বললাম, ‘কই, কাঁটা লাগছে না তো!’ আম্মা একটা শিশুর মতো আনন্দে হাততালি দিয়ে উঠলেন। আমি সেই হাসির দিকে তাকিয়ে বুঝলাম, কাঁটাটা যেন এতক্ষণ তাঁর গলাতেই বিঁধে ছিল। চোখ দুটো ছলছল করে উঠল, মনে মনে বললাম, এই আমার আম্মা, আমার মাথার মণি। নাহিদ খান, মেলবোর্ন থেকে।