জননী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মা ফরিদা বেগম জন্মেছিলেন উনিশ শতকের চল্লিশের দশকে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মুসলমান মেয়েদের শিক্ষা গ্রহণের পথ ছিল তখনো প্রায় রুদ্ধ। শিক্ষা গ্রহণে আমার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরই চাচা শহীদুল ইসলাম। চাচার ওকালতিতে পরিবারের অনুশাসনের বেষ্টনী ছিঁড়ে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যেতে পারেন আমার মা। সর্বকালের মেয়েদের শাশ্বত আকর্ষণ স্বর্ণ-গয়নাকে বিসর্জন দিয়ে নিকটজনদের লেখাপড়ার খরচ মেটাতে দ্বিধা করেননি আমার মা। পাড়া-প্রতিবেশী অগণিতজনকে নিজে শিক্ষার আলো দিয়েছিলেন। একে একে ছয় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে কখনো ক্লান্ত হননি তিনি। সবার বড় ছেলে আমি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রত। সশস্ত্র বাহিনীতে মেজর জেনারেলের পদে আছেন আমার এক ভাই। অন্য ভাইবোনেরাও প্রতিষ্ঠিত। কী বুদ্ধি আর বিচক্ষণতার বলে এই মহীয়সী নারী অজপাড়াগাঁ থেকে তাঁর সন্তানদের বের করে এনে ছিলেন তার একটু বর্ণনা না দিলেই নয়।আমি, মানে মায়ের বড় ছেলে ছোটবেলা থেকেই ছিলাম ডানপিটে। দ্বিতীয় ভাই মো. কামরুজ্জামান ছিল অপেক্ষাকৃত ঘরমুখো। বাগান করা ছিল ওর শখ। বাবার কর্মস্থল ছিল বহুদূরে। মা-বাবার গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে ছিল—নিয়মিত স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে বাড়ির কাজ শেষ করে খেলতে যাওয়া, আবার সন্ধ্যার আগে ফিরে ‘হারিকেন’ বা সন্ধ্যাবাতি জ্বেলে পড়তে বসা। মায়ের নির্দেশনার ব্যত্যয় ঘটাতাম আমিই বেশি। মার্বেল খেলায় পটু ছিলাম। একদিনের কথা বলি। সেদিন মার্বেল খেলে প্রায় ফতুর করে দিয়েছি প্রতিপক্ষকে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কিন্তু প্রতিপক্ষ কিছুতেই ছাড়তে চাইছে না আমাকে। ফতুর হওয়ার পর সে পাড়ার দোকান থেকে আরও কিছু মার্বেল নিয়ে এসে আমাকে খেলতে বাধ্য করল। এদিকে আমার সন্ধ্যাবাতি জ্বালানোর লগ্ন বয়ে যায়! প্রতিপক্ষকে শেষমেশ ‘ফতুর’ করতে পারলাম। কিন্তু বিজয়ের আনন্দ চাপা পড়ে গেল মায়ের শাসনের ভয়ে। বাড়ি ফিরে তড়িঘড়ি মার্বেল লুকিয়ে সন্ধ্যাবাতি জ্বেলে দৌড়ে গিয়ে বসলাম পড়াশোনায়। অন্য দিনের চেয়ে গলা ফাটিয়ে পড়ছি। একপর্যায়ে মা মধুর স্বরে ডাকলেন খাওয়াদাওয়া করে ঘুমাতে যাওয়ার জন্য। মনে খুব আনন্দ হলো, মায়ের রাগ মনে হয় মিটে গেছে। যেই শুয়ে পড়েছি, তখনই মা আমার শয্যাপাশে এসে হাজির। বাবা, আজ কোথায় ছিলে? ঘরে এসে কী লুকিয়েছ? ওইগুলো বের কর। মায়ের হুকুম উপেক্ষা করার যে কোনো উপায় নেই। কালবিলম্ব না করে লোহার সিন্দুকের পেছনে লুকিয়ে রাখা শ তিনেক মার্বেল মায়ের কাছে নিয়ে গেলাম। মা আমাকে ছলছল চোখে বললেন, মার্বেল তোমার খুব প্রিয়, তাই না? কিন্তু এ মার্বেল যে তোমার জীবনকে শেষ করে দেবে। এক্ষুনি এগুলো পশ্চিমের ডোবায় ফেলে দেবে। বলে কি! এত কষ্টে সংগৃহীত আমার প্রিয় মার্বেল আমারই হাতে ছুড়ে ফেলতে হবে! এর চেয়ে গায়ে শত আঁচড় দিয়ে শাস্তি দিলেও তো ভালো ছিল। কিন্তু উপায় নেই। ডোবার কিনারায় দাঁড়িয়ে মুঠি মুঠি করে আমাকে ছুড়ে ফেলতে হলো সব কটি মার্বেল। সেখানেই ক্ষান্ত হননি তিনি—আমাকে শপথ করালেন, আর যেন কোনো দিন মার্বেল খেলতে না যাই। এখন বুঝি, আমার মা কেমন বুদ্ধিমতী ছিলেন। সন্ধ্যাপ্রদীপ জ্বালানোর সময়েই তিনি আমার ওপর চড়াও হতে পারতেন। তাতে আমার পড়া হতো না। দ্বিতীয়ত, মার্বেলগুলো বিক্রির প্রস্তাব দিয়ে ক্ষান্ত হতে পারতেন, তাতে আমি মার্বেল খেলা থেকে নিবৃত না হয়ে বরং আরও মার্বেল জয় করতে উৎসাহী হতাম। কিন্তু মা আমার সে লোভ সংবরণ করতে পেরেছিলেন। আমাদের প্রতি মা উদাসীন ছিলেন না। তাঁর বুদ্ধিসম্পন্ন মননশীল পরিচালনার জন্যই আজ আমরা সবাই সুদৃঢ় অবস্থানে দাঁড়াতে পেরেছি। মা কখনোই নগদ টাকা আমাদের হাতে দিতে চাইতেন না। স্কুলের টিফিনের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন নিবারণ ‘হাওলাইয়ের’ (মিষ্টির) দোকান। জীবন সায়াহ্নে এসে মা নিজে যখন আর কাউকে জ্ঞানের আলো দিতে পারছিলেন না, তখন আমার বোনকে তিনি উজ্জীবিত করেছিলেন একটি স্কুল প্রতিষ্ঠার জন্য। রত্নগর্ভা ফরিদা জামান স্কুল আমার বোনের মাধ্যমে তিনি স্থাপন করে গেছেন ঢাকার বাড্ডা ও মাগুরায়। মাকে আজ কাছে পেলে পায়ে পড়ে থেকে সম্মান জানাতাম। কিন্তু কোথায় পাব তাঁকে? মৃত্যু (০৪-০৪-১২) তাঁকে কেড়ে নিয়েছে। দোয়া করবেন, যেন মা আমার জান্নাতবাসী হোন।অধ্যাপক মো. রফিকুজ্জামানউইন্ডসর, কানাডা থেকে