মশার কামড়ে, মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়নি, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মশা-মাছি থেকে বাঁচতে, আর মশা মারতে কম কাণ্ডও ঘটেনি। প্রায়ই খবরের পাতার শিরোনাম হয় মশা। রোগবালাই ছড়িয়ে, যন্ত্রণায় অতিষ্ঠ করে রাষ্ট্রীয় আলোচনার বিষয়ও হয় তারা। মশা-মাছি নিয়ে গল্প, চলচ্চিত্রও হয়েছে।
কিন্তু কেউ কি বলতে পারে, পৃথিবীতে মশা-মাছির সংখ্যা কত? যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের কিউরেটর এরিকা ম্যাকঅ্যালিস্টার আনুমানিক একটা হিসাব করেছেন। সে হিসাব অনুযায়ী পৃথিবীজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ কোটি মশা-মাছি। অর্থাৎ বিশ্বে জনপ্রতি মশা-মাছির সংখ্যা
১ কোটি ৭০ লাখের মতো। সংখ্যাটা এর বেশিও হতে পারে।
চোখ কপালে তুলে দেওয়ার মতোই হিসাবটা। এর অর্থ, আমাদের প্রত্যেকের ভাগে পড়েছে ১ কোটি ৭০ লাখ মশা-মাছি! একবার ভাবুন তো, মানুষ হিসাব করে এই পরিমাণ মশা-মাছি যদি দল বেঁধে পেছনে লাগে, তাহলে কী অবস্থা হবে?
এরিকা ম্যাকঅ্যালিস্টার তাঁর দ্য সিক্রেট লাইফ অব ফ্লাইস বইতে অবশ্য বলেছেন, মানুষকে যন্ত্রণা দেওয়া ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজও করে মশা-মাছি। তিনি লিখেছেন, মশা-মাছিরা সবই করে। গাছের পরাগায়নে সহায়তা করে, পচে-গলে যাওয়া প্রাণীদেহ ভক্ষণ করে, ড্রেনের বর্জ্য খায়, ফসলের ক্ষতি করে, রোগ ছড়ায়, মাকড়সা মারে, ফড়িং শিকার করে, আরও নানা কিছু করে। কিছু প্রজাতির মশা-মাছির পাখা নেই। তারা নির্জন অন্ধকারে ওত পেতে থাকে বাদুড়ের রক্ত পান করবে বলে। এরা আরও একটা কাজ পছন্দ করে—প্রজনন।
মশা-মাছির উপযোগিতাও খুঁজে পেয়েছেন এরিকা। বইতে তিনি লিখেছেন, এরা না থাকলে অনেক কিছু থেকে বঞ্চিত হতো মানুষ। এর একটা উদাহরণ হতে পারে চকলেট। কোকো গাছের পরাগায়ন হয় বিশেষ এক প্রজাতির মাছির মাধ্যমে।
মশা ও মাছি নিকটাত্মীয়। ইনসেক্টা শ্রেণির ডিপ্টেরা বর্গের সদস্য এরা। এই বর্গের সাড়ে তিন হাজারের বেশি প্রজাতির মশার বর্ণনা দিতে পেরেছেন বিজ্ঞানীরা। আর ১০ লাখের মতো প্রজাতির মাছি শনাক্ত করা গেছে। এগুলোর মধ্যে আবার ১ লাখ ৬০ হাজারের বর্ণনা পাওয়া গেছে।