জনপ্রতিনিধি বাবা আয়োজন করলেন মেয়ের বাল্যবিবাহের
বাবা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। সাধারণ মানুষকে নানা বিষয়ে সচেতন করেন। সেই তিনিই আয়োজন করলেন মেয়ের বাল্যবিবাহের। কাজটি করেন লোহাগাড়া উপজেলার পুটিবিলার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক। তিনি তাঁর মেয়ে গৌড়স্থান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তারের বিয়ে ঠিক করেন এক সৌদি প্রবাসী যুবকের সঙ্গে। তবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রক্ষা পায় ইয়াছমিন।মো. রফিক জানান, সামাজিক নিরাপত্তার অভাবে তিনি দ্রুত মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখন আর তিনি এ ভুল করবেন না। মেয়েকে লেখাপড়া শেখাবেন। জানা যায়, লোহাগাড়ার উত্তর কলাউজানের কামাল উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৯ জানুয়ারি ইয়াছমিনের বিয়ের দিন ঠিক হয়। এ ব্যাপারে বর ও কনে পক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। পরে বিষয়টি জানতে পারেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ও ইউএনও সারা দিবা। ইউএনও বিষয়টি তদন্ত করার দ্বায়িত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবকে। আবু তালেব বলেন, ‘জেএসসির সনদ অনুযায়ী ইয়াছমিন আক্তারের জন্ম তারিখ ১ ডিসেম্বর, ১৯৯৯। সে অনুযায়ী তার বয়স হয় মাত্র ১২ বছর।’ এ ব্যাপারে গৌড়স্থান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আযম খান বলেন, ‘সে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। গোপনে এ বিয়ে ঠিক হওয়ায় আমরা কিছুই জানতে পারিনি।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা প্রথম আলোকে বলেন, ‘আমরা ঠিক সময়ে জানতে পারাতে মেয়েটিকে বাল্যবিবাহ থেকে রক্ষা করা গেল। সচেতনতার অভাবে অভিভাবকেরা বাল্যবিবাহ দেন। এত অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের ভবিষ্যতে শারীরিকভাবে নানা জটিলতার সৃষ্টি হয়।’