নিজেরা মনোনীত চেয়ারম্যান ও সদস্য হওয়া সত্ত্বেও তিন পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদস্যরা পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করেছেন। পরিষদ চেয়ারম্যানরা বলছেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিষদব্যবস্থা পরিচালিত হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং পার্বত্য এলাকার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের পক্ষ থেকে এসব সুপারিশকে স্বাগত জানানো হয়েছে। ‘পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন সুষমকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব সুপারিশ করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ সেপ্টেম্বর এ কর্মশালার আয়োজন করে। সূত্র জানায়, আইন অনুয়ায়ী নির্বাচিত পরিষদের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদব্যবস্থা পরিচালিত হওয়ার কথা থাকলেও প্রায় ১৯ বছর ধরে পরিষদগুলোতে নির্বাচন হচ্ছে না। ফলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে না। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান গৌতম দেওয়ান পার্বত্য পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেন, ‘একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে দীর্ঘদিন অনির্বাচিত লোকজন দিয়ে পরিচালনা করলে কোনো সুফল আসে না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে সমস্যা থাকলে তা সমাধানের উপায়ও বের করতে হবে। এ ছাড়া নির্বাচন হলে পার্বত্য এলাকার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।’খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচন অনুষ্ঠানের সুপারিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনির্বাচিতরা অনেকটা সরকারের দয়ার ওপর প্রশাসন চালান বলে উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেন না। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হলে জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও গতিশীল হয়।’ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আমরাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছি।’ কর্মশালায় তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য ছাড়াও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।