জনপ্রতিনিধিদের যত অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শাকপুরা চৌমুহনী বাজারে কলেজছাত্রী অপহরণের চেষ্টাকালে গণপিটুনিতে দুজন মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হঠাৎ মুঠোফোনে আমাকে গ্রেপ্তারের হুমকি দেন। এক-এগারোর সময়ও কেউ আমাদের এভাবে হুমকি দেননি।’ ক্ষোভের সঙ্গে এমন অভিযোগ তুললেন বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী।বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সংসদ সদস্য মঈনুদ্দিন খানের উপস্থিতিতে তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেদ রহীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন খান। উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় দুই উপজেলা ভাইস চেয়ারম্যানের অভিযোগের তীরও ছিল পুলিশের বিরুদ্ধে। নারী ভাইস-চেয়ারম্যান সাহিদা আকতার তাঁর শ্বশুরালয়ের একটি জায়গার পরিমাপে ওসি প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হন বলে দাবি করেন। তিনি বলেন, ‘সার্ভেয়ারকে ভয়-ভীতি দেখিয়ে পরিমাপক-প্রতিবেদনে প্রভাব খাটান ওসি।’ তিনি কথা শেষ করার পর ইউএনও তাঁকে ব্যক্তিগত বিষয় এখানে না টেনে সংসদ সদস্যের সঙ্গে আলাদাভাবে কথা বলার পরামর্শ দেন। ভাইস-চেয়ারম্যান অশোক ভঞ্জ অভিযোগ করেন, ‘পুলিশ সম্প্রতি নম্বরবিহীন ১০টি মোটরসাইকেল আটক করেছে। কিন্তু তদবিরের মাধ্যমে এনজিও সংস্থার দুটি মোটরসাইকেল ছাড়া পায়। অথচ তিন মাস আগে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল এ রকম অন্যায় তদবির করা যাবে না। সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার কমেনি। ওসি মো. আবদুল মালেক মিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করেন। নারী ভাইস-চেয়ারম্যানের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা সরকারি সার্ভেয়ার নিয়োগ করি। সার্ভেয়ার মেপে যে প্রতিবেদন দিয়েছেন তাতে এসি ল্যান্ড (সহকারী ভূমি কমিশনার) সই করেছেন। যদি এতে তাঁর (নারী ভাইস-চেয়ারম্যানের) সন্দেহ হয়, তাহলে তিনি আপিল করে পুনরায় পরিমাপ করতে পারেন। প্রথম আলোর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘নারী ভাইস-চেয়ারম্যানের অবৈধ আবদার রক্ষা করতে না পারায় তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের দুই ভাইস-চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের অভিযোগ খতিয়ে দেখার জন্য সংসদ সদস্যের কাছে অনুরোধ জানান। সংসদ সদস্য মঈন উদ্দিন খান বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের শ্রদ্ধা ও সম্মান করা গণতান্ত্রিক রীতি। অন্যদিকে প্রশাসনকে কেউ তাঁদের অনুগত ভাবা উচিত নয়।’ তিনি বলেন, ‘জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে বিরোধ-সমন্বয়হীনতা থাকলে কোনো কাজে অগ্রগতি আসবে না।’