জনপ্রতিনিধির গাফিলতির কারণে ভিজিএফ চাল বিতরণ হয়নি
কক্সবাজারের মহেশখালীতে ঈদের আগে দুস্থ-অসহায় মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া (ভালনারেবল গ্রুপ ফিডিং) ভিজিএফ কার্ডের চাল এখনো বিতরণ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের চরম গাফিলাতির কারণে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সাধারণ দুস্থ মহিলাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট উপজেলার একটি পৌরসভার ও আট ইউনিয়নের জন্য মোট নয় হাজার ৪৭৯টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। ঈদের আগে এলাকার অসহায় মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া প্রতি কার্ডে ১০ কেজি চাল বিতরণ করার কথা। জানা গেছে, উপজেলা প্রশাসন ঈদের আগে ভিজিএফ কার্ড বিতরণ করার লক্ষ্যে সব ইউনিয়ন পরিষদ ও পৌর চেয়ারম্যানকে এলাকার অসহায় মহিলাদের তালিকা তৈরি করে তা জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা ঈদের আগে তালিকা জমা দেননি। এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর উপজেলা ভিজিএফ কমিটির সভা আহ্বান করলেও ওই সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত হননি। ভিজিএফ কমিটির নির্ধারিত সভা না হওয়ার কারণে ঈদের আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা সম্ভব হয়নি বলে সূত্রে জানা গেছে। বিশেষ করে ভিজিএফ কার্ডের তালিকা তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের চরম গাফিলতি করার কারণে শেষ পর্যন্ত ভিজিএফ কার্ডের চাল ফেরত যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।মাতারবাড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, ঈদে অন্তত ১০ কেজি চাল পেলে অসহায় দরিদ্র মহিলারা পেট ভরে খাবার খেতে পারতেন। কিন্তু জনপ্রতিনিধিদের কারণে অসহায় মহিলাদের কপালে তা জোটেনি। এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। তবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, অসহায় মহিলাদের সঠিক তালিকা তৈরি করতে সামান্য দেরি হওয়ায় ঈদের আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে ঈদের পরে তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু চাল বিতরণে নির্ধারিত সময় শেষ হওয়ার কারণে প্রশাসন তা বিতরণ করতে পারছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, ঈদের আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা অসহযোগিতাসহ তাঁদের কাছ থেকে তালিকা না পাওয়ায় তা বিতরণ করা সম্ভব হয়নি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে জানান, ঈদের আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার জন্য দুবার ভিজিডির কমিটির সভা আহ্বান করা হলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা উপস্থিত হননি। এ কারণে চাল বিতরণ করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।