জনপ্রিয় হওয়ার ইচ্ছে থেকেই লেখক হয়েছিলাম: মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় হওয়ার ইচ্ছে থেকেই লেখক হতে চেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তবে সমাজের প্রতি দায়বোধ থেকে কখনো সরে আসেননি। লেখালেখির জন্য বিদেশে ভালো চাকরির প্রলোভন ও জীবনের স্বাচ্ছন্দ্যকেও ছাড়তে হয়েছিল তঁার। ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় নগরের প্রেসক্লাব ভবনে অবস্থিত বাতিঘর বই বিপণিকেন্দ্রে ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খোলামেলা প্রাণবন্ত আলোচনায় মিলন তঁার লেখক হয়ে ওঠার কাহিনি শোনান। তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। পরিবারের কারোর মধ্যে লেখালেখি বা সাহিত্য নিয়ে আগ্রহ ছিল না। মানুষের কাছে প্রিয় হয়ে ওঠার এবং মানুষের জীবনযাপনকে জানার অদম্য আগ্রহ থেকেই লেখক হতে চেয়েছি।’ জীবনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘একদিন দেখলাম আমার ছোট ভাই একটা বানরের সঙ্গে খেলছে। বানরকে আদর করে খাওয়াচ্ছে। বানরের সঙ্গে
তার সখ্য দেখে আমার খুব ভালো লাগল। সেটা দেখেই আমি একটা গল্প লিখলাম “বানরের সাথে বন্ধুত্ব”।’
ইমদাদুল হক মিলন জানান, লেখার তাড়নায় তিনি বিদেশে গিয়েও বেশি দিন থাকতে পারেননি। বিদেশের সুখ ও স্বাচ্ছন্দ্য ফেলে ফিরে এলেন দেশে। পেশা হিসেবে নিয়েছেন সাংবাদিকতা। কারণ, তিনি মনে করতেন পত্রিকার সঙ্গে সংযুক্ত হলে লেখালেখির সুবিধা হবে।
জনপ্রিয় লেখক হওয়ার স্বপ্ন আজীবন বুকের মধ্যে লালন করলেও সমাজের প্রতি যে দায়বোধ থাকে তা থেকে কখনো সরে আসেননি মিলন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠান শেষে ইমদাদুল হক মিলন তাঁর ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাঁদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।