জনপ্রিয় হচ্ছে পাহাড়ের শসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় জুমচাষিরা জুমে কাজ করার সময় ক্ষুধা-তৃষ্ণা মেটানোর জন্য মারফা খেতেন। সমতলের শসার মতো এই ফলটি তাই জুমের অন্যান্য ফসল, বিশেষ করে ধানের ফাঁকে ফাঁকে লাগানো হতো। কিন্তু গত কয়েক বছরে জুমখেতের অন্যতম অর্থকরী ফসল হয়ে উঠেছে মারফা। দৃষ্টি আকর্ষণ করেছে কৃষিবিদদেরও।পার্বত্য চট্টগ্রামে মারফার একাধিক নাম আছে। মারফাকে চাকমারা ‘মামবারা’, বম ও পাংখো সমপ্রদায় ‘চংমা’, মারমারা ‘ঞোপ্রুসি’, মিজোরা ‘ফাংমা’ তঞ্চঙ্গ্যারা ‘মাহমা’ ও ত্রিপুরা সমপ্রদায়ের লোকজন ‘দরমাই’ বলে। তবে চাষপদ্ধতি একই। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এম এ রউফ বলেন, ‘মারফা পাহাড়ের ঢালুতে চাষের উপযোগী খরাসহিষ্ণু সবজি। পাহাড়ে এর উৎপাদন বাড়ানো এবং সমতলে চাষের উপযোগী করতে খাগড়াছড়ি ও রাঙামাটির কাপ্তাইয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে। এ ছাড়া খেতে সার দেওয়া এবং মাচাংয়ে চাষ করলে উৎপাদন কেমন হয় তারও পরীক্ষা চলছে।’ দেখতে ও খেতে শসার মতো এই ফলটির খোসা তুলনামূলকভাবে শক্ত। মারফা কচি অবস্থায় সবুজ, আধা পাকা অবস্থায় সাদা এবং পাকলে হলদে রং হয়। শাঁসে প্রচুর পানি থাকে। সাধারণত লম্বায় পাঁচ থেকে ১০ ইঞ্চি, ওজনে সর্বোচ্চ দেড় থেকে দুই কেজি হয়। সালাদের সঙ্গে কাঁচা অথবা তরকারি হিসেবে খাওয়া যায়। কচি মারফার চাটনি আদিবাসীদের খুবই প্রিয়। কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়ার তুষার কান্তি চাকমাসহ কয়েকজন চাষি বলেন, ‘অন্যান্য ফসলের সঙ্গে বীজ বপন করলে মারফার লতা দ্রুত বাড়ে এবং ফলন দেয়। উঁচু স্থানের সমতল ভূমিতে চাষ করে বেশ ভালো ফলন পেয়েছি।’ জুমচাষিরা জানান, মে-জুন মাসে জুমখেতে ধানসহ অন্যান্য ফসলের সঙ্গে মারফার বীজ বোনা হয়। তারপর ধানের ফাঁকে মাটি ছুঁয়ে লম্বা লতা হয়। একটি লতায় ১০ থেকে ১৫টির বেশি মারফা ফলে। বীজ বোনার আড়াই মাসের মধ্যে ফল আসতে শুরু করে এবং ছয় মাস পর্যন্ত ফলন দেয়। মাটির উর্বরতাশক্তি অনুযায়ী প্রতি একরে তিন থেকে পাঁচ মণ ফলন হয়। সম্প্রতি রাঙামাটির দুর্গম ফারুয়া বাজারে দেখা গেছে, কাঁধে এবং নৌকায় করে মারফা নিয়ে আসা হচ্ছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে আট থেকে ১২ টাকায়। তবে রাঙামাটি শহরে বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। এসব মারফা চট্টগ্রামে যায় বলে ব্যবসায়ীরা জানান।বিলাইছড়ি উপজেলার ফারুয়া যমুনাছড়ি বমপাড়ার হেডম্যান রিনলম বম জানান, জুমচাষিরা বিশেষ কায়দায় মারফা সাত থেকে আট মাস সংরক্ষণ করেন। ওলট কম্বলগাছের আঁশ দিয়ে বেঁধে রান্নার ঘরে মারফা ঝুলিয়ে রাখা হয়। গ্রীষ্মকালে সবজির অভাব হলে সেগুলো রান্না করে খাওয়া হয়। মারফা মিশিয়ে রান্না করলে মাছ এবং মাংস খুবই সুস্বাদু হয়। খেতের পুষ্ট-পাকা মারফা থেকে বীজ সংগ্রহ করা হয়।