জনপ্রিয় হচ্ছে ফেরোমোন টোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিকর পোকা দমনে ফেরোমন টোপ ব্যবহার করে উপকৃত হয়েছেন রামু উপজেলার সবজিচাষিরা। উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে পরীক্ষামূলকভাবে ফেরোমন টোপের ব্যবহার শুরু হয় গত বছর থেকে। ফসলের পোকা দমনে এ টোপ কার্যকর প্রমাণিত হওয়ায় এই পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। রামু কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাধারণত খেতে কীটনাশক প্রয়োগ করলে ক্ষতিকর এবং উপকারী দুই ধরনের পোকাই মারা যায়। পাশাপাশি ফসলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে যায়। কিন্তু সেক্স ফেরোমন টোপ ব্যবহারে শুধু ক্ষতিকর পোকা মারা যায়। এ পদ্ধতি পরিবেশবান্ধব, সহজে ব্যবহার করা যায় এবং খরচও অনেক কম। বেগুন, পটোল, করলা, কাঁকরোল, লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, শসা, ঝিঙা, চিচিঙ্গা, তরমুজসহ বাঙ্গি-জাতীয় ফসলের জন্য এ পদ্ধতি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। রামু কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গত বছর মাত্র দুই একর জমিতে এ পদ্ধতির ব্যবহার হয়। এ বছর শতাধিক চাষি ২০ একর জমিতে ফেরোমন টোপ ব্যবহার করছেন। রামুর কৃষিবিদেরা জানান, পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা একধরনের গন্ধ ছড়ায়, যা সেক্স ফেরোমন নামে পরিচিত। কৃত্রিম রাসায়নিক পদার্থ দিয়েও এ ধরনের গন্ধ তৈরি করা যায়। এ পদ্ধতিতে, খেতের মাঝখানে বাঁশের খুঁটিতে প্লাস্টিকের পাত্র (বয়াম) স্থাপন করতে হয়। ওই পাত্রের তলা থেকে ওপরের দিকে কমপক্ষে তিন-চার সেন্টিমিটার পর্যন্ত সাবানমিশ্রিত পানি রাখা হয়। এরপর প্লাস্টিকের পাত্রের ওপরে সেক্স ফেরোমন যুক্ত একটি সরু তার ঝুলিয়ে রাখা হয়। ফেরোমেন থেকে ছড়িয়ে পড়া গন্ধের টানে পোকারা এসে কৌটার সাবানের পানিতে পড়ে এবং মারা যায়। এই পদ্ধতিতে কেবল নির্দিষ্ট পোকাই টোপে এসে পড়ে।হাইটুপি গ্রামের সবজিচাষি বিদ্যুৎ বড়ুয়া এ বছর দুই একর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ করেন। তিনি জানান, খেতের পোকা দমনে এত সহজ এবং কার্যকর পদ্ধতি তিনি আর দেখেননি।