জনপ্রিয় হচ্ছে বাঁশখালীর উপকূলীয় তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় বাহারছড়া, সরল, গণ্ডামারা এলাকার চরে তরমুজের ব্যাপক চাষ হচ্ছে। পাহাড়ি এলাকার তরমুজের চেয়ে সমুদ্রচরের তরমুজ মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। স্থানীয় বাজারগুলোতে চড়া দামে চরের তরমুজ বিক্রি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্তৃত পাহাড়ি এলাকা পুকুরিয়া, সাধনপুর, বাণীগ্রাম, কালীপুর, বৈলছড়ি, পূর্ব জলদি, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়িতে দীর্ঘদিন ধরে তরমুজের চাষ হয়ে আসছে। কয়েক বছর ধরে সমুদ্র উপকূলের চরে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। বাহারছড়া, সরল, গণ্ডামারা এলাকার শতাধিক চাষি তরমুজের চাষ করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। গণ্ডামারার চরপাড়া এলাকার চাষি নজির আহম্মদ জানান, দুই বছর আগে কৃষি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তরমুজ চাষ করে বর্তমানে তিনি লাখপতি। সরল ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘আমার ইউনিয়নে সমুদ্রচরে ব্যাপক তরমুজের চাষ হচ্ছে। তবে চাষিদের প্রশিক্ষণ এবং সরকারিভাবে ঋণ দিয়ে সহযোগিতা করলে আগামী দিনে আরও তরমুজ চাষের ব্যাপকতা বাড়বে।’ বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল ছাড়াও সমুদ্রচরের তরমুজ এখন দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। চরের তরমুজের দাম বেশি হওয়ায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁশখালী কৃষি কার্যালয়ের কোনো সুযোগ-সুবিধা তাঁরা এখনো পাননি। স্থানীয় কৃষি কার্যালয় ও প্রশাসনের বড় ধরনের কোনো সুযোগ-সুবিধা, যোগাযোগব্যবস্থার উন্নতি ও ঋণ সুবিধা পেলে তরমুজ চাষের মাধ্যমে এই অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব বলে কৃষকেরা আশাবাদী। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল বলেন, ‘তরমুজচাষিরা যদি চান আমরা বিভিন্ন ধরনের পরামর্শ ও কাজে সহযোগিতা করব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ও সবজি উৎপাদন করেন, তাঁদের জন্য আমি সব সময় কাজ করতে প্রস্তুত।’ বাঁশখালী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (পৌরসভা মিয়াবাজার শাখা) বশির আহম্মদ জানান, বাঁশখালীর প্রত্যেক কৃষক ও সবজিচাষির মাঝে ঋণ দেওয়ার জন্য সরকারিভাবে নির্দেশনা রয়েছে। এ পর্যন্ত উপকূলীয় এলাকার পাঁচ শতাধিক লোকজনকে এক কোটি ২৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।