জনবল ওষুধ ও জ্বালানি-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলের অভাব, অপর্যাপ্ত ওষুধ, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এবং জ্বালানিসংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, সরকার এখনই এসব সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতির আরও অবনতি হবে। সূত্র মতে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় ১৯০১ সালে। এতে রয়েছে মেডিসিন, সার্জারি, শিশু, ইএনটি, অর্থোপেডিকস, স্ত্রী ও প্রসূতি বিভাগ, চর্ম ও দন্ত বিভাগ। এর মধ্যে বহির্বিভাগে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তিনজন, চিকিৎসা কর্মকর্তা আটজন ও পরামর্শক (কনসালট্যান্ট) রয়েছেন সাতজন। অন্তর্বিভাগের মেডিসিন ওয়ার্ডে সহকারী নিবন্ধক দুজন, সার্জারিতে দুজন, স্ত্রী প্রসূতি বিভাগে দুজন, ইএনটিতে একজন, অবশকরণ বিভাগে দুজন ও রোগনিরূপণ বিভাগে একজন সহকারী নিবন্ধক রয়েছেন। এ ছাড়া জরুরি বিভাগে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন সাতজন। হাসপাতালে শয্যা আছে ১৫০টি। এর মধ্যে কেবল ৮০ শয্যার জন্য জনবল কাঠামো রয়েছে। এতেও ১৬২টি পদের মধ্যে বর্তমানে নিয়োজিত আছেন ১১৮ জন। ৪৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। নাম প্রকাশ না করে হাসপাতালের একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বলেছেন, ‘১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ২ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ২৫০ শয্যার সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু পরবর্তীকালে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রায় বছরখানেক আগে হাসপাতালের জন্য কোটি টাকা মূল্যের একটি জেনারেটর আনা হয়। কিন্তু এর জ্বালানি খরচের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফলে জেনারেটরটি ব্যবহার করা যাচ্ছে না। এ প্রসঙ্গে সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘গত বছরের ৮ অক্টোবর বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক হাসপাতালে বিদ্যুৎ সুবিধা (ডাবল ফেজ সংযোগ) বাড়ানোর আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন।’ এদিকে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় অধিকাংশ রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, বর্তমানে তিন রকমের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, ২৪ রকম ট্যাবলেট ও সাত রকম সিরাপ দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যে গত ১৫ দিন ধরে এজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সেফট্রিন ইনজেকশনসহ বেশ কিছু দামি অ্যান্টিবায়োটিক ওষুধের সরবরাহ নেই। ফলে রোগীরা হাসপাতালের ফার্মেসিতে গিয়ে চিকিত্সকের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ পাচ্ছেন না। সরেজমিনে ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত হাসপাতালে থেকে দেখা গেছে, বিপুলসংখ্যক রোগী বিনা মূল্যের ওষুধ না পেয়ে পাশের হাজারি লেনের বিভিন্ন দোকান থেকে ওষুধ কিনেছেন। এ ক্ষেত্রে সমস্যায় পড়েছেন গরিব রোগীরা। পটিয়া থেকে আফিয়া ও হালিশহর থেকে সাদিয়া (ফরম নম্বর-১৬৯) এসেছেন চোখের চিকিৎসা নিতে। চিকিত্সক এ দুজনকে ব্যবহারের জন্য একটি আই অয়েন্টমেন্ট (চোখের মলম) লিখে দেন। হাসপাতালের ফার্মেসিতে ব্যবস্থাপত্র দেখানোর পর কর্তব্যরত কর্মচারী বলেন, ‘এসব ওষুধ এখানে নেই। বাইর থেকে কিনে নেন।’ সূত্র মতে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসেন ৩৫০-৪০০ জন রোগী। তবে জরুরি বিভাগে রোগী তেমন আসেন না। ৩ এপ্রিল নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী বলেন, ‘আজ সকাল থেকে দুপুর একটা পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন একজন রোগী। বিভিন্ন ওয়ার্ডে আছেন ১২ জন রোগী।’ তিনি জানান, গড়ে (প্রতিদিন) ১০০-১২০ জন রোগী এ হাসপাতালে ভর্তি থাকেন। হাসপাতালের অন্তর্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে কথা হয় রোগীদের সঙ্গে। একাধিক রোগী বিনা মূল্যে সরবরাহ করা খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। নাম প্রকাশে অনিচ্ছুক গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী অভিযোগ করেন, ‘এখানে মাঝেমধ্যে এমন খাবার দেওয়া হয় তা মুখে নিলে বমি আসে।’ অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন একজন রোগী বলেন, ‘যে খাবার দেওয়া হয় তা পরিমাণে কম।’ অপর একজন রোগী বললেন, ‘সকালে দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়েছি।’ সিভিল সার্জন মো. আবু তৈয়ব রোগীদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খাবারের জন্য জনপ্রতি ৭৫ টাকা বরাদ্দ রয়েছে।’ তবে হাসপাতালের নানা সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘জনবল, জ্বালানি খাতে বরাদ্দ বাড়াতে এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসন তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’