জনবল সংকট ও অবকাঠামোগত জটিলতায় ব্যাহত চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল সংকট, অবকাঠামো সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রভাবশালীদের প্রভাবের কারণে রাঙামাটিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে সচেতনতা ও সুসম্পর্ক সুস্থ পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে বক্তারা এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভা আয়োজন করে। সভায় জেলার বর্তমান ও সাবেক সিভিল সার্জন, চিকিৎসাকর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রোগীদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সনাকের সভাপতি চাঁদ রায়। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা। তিনি বলেন, রাঙামাটি জেলায় চিকিৎসকের সংকট রয়েছে। সারা জেলায় ১৭৫টি চিকিৎসকের পদে কর্মরত আছেন ৭৯জন। জেনারেল হাসাপাতালে ৩১জন চিকিৎসকের পদে কর্মরত আছেন ১২জন। হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামো এখনো আগের মতোই রয়েছে। তবে চিকিৎসকদের ভালো ব্যবহার রোগী এবং রোগীদের অভিভাবকদের মানসিক সন্তুষ্টি এনে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাঙামাটির সাবেক সিভিল সার্জন সুপ্রিয় বড়ুয়া বলেন, সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক হাসপাতালের পরিবেশকে সুন্দর এবং সংকট উত্তরণে সহায়তা করতে পারে।
কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে আসা রোগীর স্বজন জয়নাল আবেদীন বলেন, ‘আমি শুনেছি রাঙামাটি জেনারেল হাসপতালে চিকিৎসাসেবা ভালো। কিন্তু এখন দেখছি অধিকাংশ পরীক্ষা–নীরিক্ষা বাইরের রোগ নির্নয়কেন্দ্র থেকে করতে হচ্ছে।
রোগীর স্বজন নু থুই মারমা জানান, তিনি কয়েক দিন আগে তাঁর অসুস্থ ছেলেকে নিয়ে এসেছিলেন হাসপাতালে। চিকিৎসার জন্য হাসপাতালের টিকিট কেনার পর অনেকক্ষণ ঘুরে জানতে পারেন হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ আসেননি। চিকিৎসকদের উপস্থিতির তথ্য দৃশ্যমান স্থানে রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
নারীবান্ধব হাসপাতাল প্রকল্পের কর্মী অনিতা দেব বর্মণ গাইনি ওয়ার্ডে পুরুষদের অবাধ প্রবেশ এবং অবস্থান বন্ধের অনুরোধ জানান।
চিকিৎসকদের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. শওকত আকবর, গাইনি বিশেষজ্ঞ নিহার রঞ্জন নন্দী, শিশু রোগ বিশেষজ্ঞ এম এ হাই প্রমুখ।