জনবল সংকট, ব্যাহত সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় খাগড়াছড়ির দীঘিনালায় পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা সদরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ছাড়াও চারটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা প্রসূতি সেবা দেওয়ার কথা থাকলেও লোকবল, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এসব কেন্দ্র দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে।
উপজেলার কবাখালী, বাবুছড়া, মেরুং ও রসিকনগর ইউনিয়নের চারটি পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্র রয়েছে। এর মধ্যে কবাখালী ও বাবুছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে লোকবল না থাকায় সে দুটি কেন্দ্রের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে এই কার্যালয়ে চিকিৎসা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এ ছাড়া সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিকের পদটিতে কেউ কর্মরত নেই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন কেন্দ্রে উপসহকারী চিকিৎসক, পরিদর্শিকা, ফার্মাসিস্টসহ পাঁচটি পদ রয়েছে। এর মধ্যে কবাখালী ও বাবুছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে উপসহকারী চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য। পাশাপাশি চারটি ইউনিয়ন কেন্দ্রে ফার্মাসিস্ট, আয়া ও পিয়ন নেই। সব মিলিয়ে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের ১৮টি পদ শূন্য।
১০ নভেম্বর বেলা একটায় উপজেলার রসিকনগর ইউনিয়ন পরিবার কল্যাণকেন্দ্রে গেলে কথা হয় পরিদর্শিকা অনিকা চাকমার সঙ্গে। টিনের ছাউনি দেওয়া পাকা ভবনে তিনি একাই প্রসূতি রোগীদের সেবা দিচ্ছিলেন। তিনি বলেন, ‘এই কেন্দ্রে প্রসব করানোর যে টেবিলটা রয়েছে সেটিও অকেজো। প্রসূতি রোগীর সাধারণ সমস্যাগুলোর সমাধান দিতে পারি আমরা। কিন্তু প্রসব–সংক্রান্ত জটিলতা দেখা দিলে তখন চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয় আমাদের পক্ষে।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ২০১৪ সালের ১৫ অক্টোবর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এক পরিপত্রের মাধ্যমে কবাখালী, বাবুছড়া, মেরুং ও রসিকনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে ২৪ ঘণ্টার সেবা চালু করে। তবে জনবল ও ওষুধপত্র না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
কবাখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা অনিতা চাকমা জানান, তাঁর কেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাসহ পাঁচজন কর্মকর্তা, কর্মচারী থাকার কথা। কিন্তু শুধু তিনি একাই দায়িত্ব পালন করছেন। কোনো ওষুধপত্রও তাঁদের দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান বলেন, ‘উপজেলা কার্যালয় ও ইউনিয়ন কেন্দ্রগুলোতে জনবল–সংকট আছে। কেন্দ্রগুলোর পরিবার কল্যাণ পরিদর্শিকারা প্রতিটি মাসিক সভায় লোকবল সংকটের বিষয়টি তুলে ধরেন। আমিও চিকিৎসকসহ শূন্য পদে জনবল পদায়নের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে আসছি।’