দীর্ঘদিন ধরে জনবল-সংকট চলছে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে। পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী না থাকায় ট্রান্সফরমার মেরামত, সরবরাহ লাইন সংস্কার ও ফিডার লাইনগুলোর ত্রুটি সারানোর কাজ সময়মতো হচ্ছে না। ফলে বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা।
স্থানীয় বিদ্যুৎ বিভাগের কার্যালয় সূত্র জানায়, ১১ কেভি ক্ষমতাসম্পন্ন দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আওতায় দীঘিনালা, রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি (একাংশ) উপজেলায় ২২৭ কিলোমিটার সরবরাহ লাইন রয়েছে। গ্রাহক রয়েছেন পাঁচ হাজার ৫৭৪ জন। উপকেন্দ্রসহ তিন উপজেলার জন্য ২৬ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন হলেও আছেন মাত্র চারজন। ছোটখাটো ত্রুটি সারানোর জন্য স্থানীয় ১৬ জন টেকনিশিয়ানকে কাজে লাগানো হয়। তাঁদের পারিশ্রমিক দেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে বকশিশ নিয়ে।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণ করা হয় ১৯৮৭ সালে। বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ১৯৯৫ সালের জানুয়ারি মাসে। ওই সময় ১১ কিলোমিটার সরবরাহ লাইনে গ্রাহক ছিলেন প্রায় ৫০০। কেন্দ্রের জন্য ১০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র চারজন। এর মধ্যে রয়েছেন আবাসিক প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, মিটার রিডার ও লাইনম্যান। গ্রাহকসংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার কারণে ২০১২ সালের জুলাই মাসে কেন্দ্রে আরও ছয়জন কর্মকর্তা-কর্মচারী পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২০০৭ সালে লংগদু উপজেলায় আলাদা আবাসিক প্রকৌশলীর কার্যালয়সহ অবকাঠামো নির্মাণ করা হলে সেখানেও ১০ জন লোকবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দীঘিনালায় শুরুতে নিয়োগ দেওয়া চারজন জনবল দিয়েই তিন উপজেলার কাজ চালানো হচ্ছে এখনো।
গ্রাহকদের অভিযোগ, সরবরাহ লাইনে ত্রুটির কারণে বিভিন্ন এলাকায় প্রায় সময় বিদ্যুৎ থাকে না। উপজেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, বিদ্যুতের অভাবে হাসপাতাল প্রায় সময় অন্ধকারে থাকে। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা জানান, কর্মচারীর অভাবে সরবরাহ এলাকার কোনো ট্রান্সফরমারে ত্রুটি বা আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ‘দীর্ঘ লাইন, বজ্রপাত ও লো-ভোল্টেজের কারণে ট্রান্সফরমারগুলোতে সমস্যা দেখা দেয়। চারজন কর্মকর্তা-কর্মচারীকে তিনটি উপজেলায় কারিগরী ত্রুটিসহ সব ধরনের কাজ করতে হচ্ছে। আমাদের কোনো যানবাহনও নেই। গ্রাহকদের চেয়ে ভোগান্তি আমাদেরও কম নয়। তারপরও গ্রাহকদের গালি শুনি। পদায়নের জন্য উচ্চ পর্যায়ে বার বার চিঠি লিখেও কাজ হচ্ছে না।’