জনবলসংকটে ফটিকছড়ি উপজেলা কৃষি কার্যালয়ে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না কৃষকেরা। সময়মতো কীটনাশক ও সঠিক পরামর্শ না পাওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে কৃষকেরা বারবার অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।সূত্র জানায়, কার্যালয়ে ৬৫ জনের বিপরীতে কর্মরত আছেন ৫১ জন। শূন্য ১৪টি পদের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ। এ পদগুলো হলো—অতিরিক্ত কৃষি কর্মকর্তার একটি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার একটি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার একটি, উদ্ভিদ সংরক্ষণ পরিদর্শক একটি ও উপসহকারী কৃষি কর্মকর্তার চারটি। অন্যগুলোর মধ্যে কার্যালয় সহকারীর একটি, মুদ্রাক্ষরিক একটি, উদ্ভিদ সংরক্ষণ মোকাদ্দম একটি, গার্ড দুটি ও ঝাড়ুদারের একটি পদ শূন্য রয়েছে। উপজেলার খিরাম গ্রামের কৃষক আনোয়ার উল্লাহ ও নানুপুর গ্রামের সুমন দাশ বলেন, ‘মাসের পর মাস যায়, কৃষি কার্যালয়ের লোকজনের দেখা মেলে না। ফলে আমাদের নানা অসুবিধায় পড়তে হয়। বিশেষ করে, ব্লক সুপারভাইজারদের ঠিক সময়ে না পেয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়।’নানুপুর গ্রামের কৃষক স্বপন মল্লিক ও বিপুল রায় জানান, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগে তাঁদের সহযোগিতা না পেয়ে এবার ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।এ প্রসঙ্গে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘উপজেলাজুড়ে থাকা উন্নত জাতের আম ৩২টি, কাঁঠাল ৭০টি, কমলা ৩২টি, বরই ১২টি, কলা আটটি, লিচু ১২টি, জলপাইয়ের পাঁচটিসহ শতাধিক আনারস বাগানের সঠিক পরিচর্যা ও দেখাশোনা করতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে তাকানোর সময়ও পাই না।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জনবলসংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখে আসছি। কিন্তু কোনো ফলই পাচ্ছি না। এখানকার জনবলসংকটের কথা সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান বলেন, ‘জনবলসংকট দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। সহসা এ সংকট দূর হবে।’