জনবলসংকট ও স্বল্প বরাদ্দের কারণে গবেষণা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশ-কাঠ-শণ চাষাবাদ, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ে গবেষণা ও মৌলিক উদ্ভাবনের জন্য সায়েন্স একাডেমি পুরস্কার জিতেছে গত বছর। পাটের অব্যবহূত অংশ (শেকড় সম্বলিত গোড়া) থেকে কাগজের উন্নতমানের মণ্ড তৈরির কৌশল উদ্ভাবনের জন্য বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচার স্বর্ণপদক (২০০৬) জেতেন সাবেক পরিচালক এ এফ এম আখতারুজ্জামান। বন ও বনজসম্পদ গবেষণায় এমনি নানা সাফল্য ও অর্জন যোগ হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঝুলিতে। বন ও বনজসম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহারবিষয়ক গবেষণার এ জাতীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে প্রায় প্রতিটি বিভাগে লোকবল ও অর্থসংকট এবং গবেষণাকাজে পরিবহনসংকটের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বহিরাগতদের হাতে প্রতিষ্ঠানের জায়গা দখল হয়ে যাওয়া এবং কর্মচারীদের বিরুদ্ধে অবৈধভাবে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। সূত্র জানায়, নগরের ষোলশহরের জীববৈচিত্র্যে ভরা ৭৫ দশমিক ৬৬ একর জায়গার ওপর ফরেস্ট প্রোডাক্টস ল্যাবরেটরি নামে এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। পরে বন ব্যবস্থাপনাসংক্রান্ত গবেষণার সুযোগ সৃষ্টি করে পূর্ণাঙ্গ জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় ১৯৬৮ সালে। ১৯৮৫ সাল থেকে সরাসরি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে (দুটি প্রশাসনিক বিভাগ ছাড়া) বন ব্যবস্থাপনা শাখায় ১১টি বিভাগ ও বনজসম্পদ শাখায় ছয়টি বিভাগে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনবলের সংকট: জানা যায়, ব্যাপক লোকবলসংকটের কারণে প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। এক হাজার ২৩৩টি পদের চাহিদার (বিআরসি রিপোর্ট-২০০৯) বিপরীতে আছে মাত্র ৭৯২টি। এর মধ্যে প্রথম শ্রেণীর গবেষণা কর্মকর্তার ১০৩টি পদের মধ্যে ৪৫টি ও দ্বিতীয় শ্রেণীর ৪৩টি পদের মধ্যে ২১টিই খালি। অপরদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ৬৪৪টি পদের মধ্যে ৮২টি পদ শূন্য রয়েছে। ইনস্টিটিউশনের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গবেষণা কর্মকর্তাদের ইনস্টিটিউশন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সুপারিশক্রমে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্মকমিশন নিয়োগ দেয়। এ দুই দপ্তরের কাজে দীর্ঘসূত্রতার কারণে বেশ কিছু নিয়োগ প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়গুলোতে আটকে আছে।সিলভিকালচার জেনেটিকস বিভাগের প্রধান শর্মিলা দাশ জানান, ‘আমার বিভাগে গবেষণা কর্মকর্তার ছয়টি পদের মধ্যে একমাত্র আমিই উপস্থিত আছি। অন্য একজন উচ্চশিক্ষার ছুটিতে দেশের বাইরে আছেন। এ ছাড়া নবনির্মিত গ্রিন হাউসের জন্যও লোকবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ জন ব্যবস্থাপনা শাখার মুখ্য বন গবেষণা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘আমার ১১টি বিভাগ ও বনজসম্পদ শাখার ছয়টি বিভাগে জনবলসংকট লেগে আছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়ের জন্য আমাদের ঢাকায় কোনো কার্যালয় নেই।’গবেষণা ব্যয়ে বরাদ্দস্বল্পতা: ২০০৪ সাল পর্যন্ত প্রতিবছর গবেষণা বাজেট ছিল ১০ লাখ টাকা। ২০০৫ সাল থেকে তা বেড়ে ৬০ লাখে উন্নীত হয়। ২০০৯ সালে করা হয় ৮০ লাখ টাকা। এ টাকা থেকে ১৭টি গবেষণা বিভাগের প্রতিটি পায় গড়ে সাড়ে চার লাখ টাকা। কর্মকর্তাদের মতে, এ টাকায় প্রতিটি বিভাগের বছরে ছয় থেকে ১২টি গবেষণাকাজ পরিচালনা ক্ষেত্রবিশেষে কঠিন হয়ে পড়ে। প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রধান কর্মকর্তা কবির উদ্দিন আহমদ বলেন, ‘বাজেটের স্বল্পতার জন্য আমাদের কাজের অনেকটা প্রতিবছরই অপূর্ণ থেকে যায়। উদ্ভাবিত প্রযুক্তি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের কথা থাকলেও তা করতে পারি না।’ বনজসম্পদ শাখার মুখ্য গবেষণা কর্মকর্তা মো. আবদুল খালেদ বললেন, ‘আমরা ১৯৫৫ সালের অনেক পুরোনো যন্ত্রপাতি এখনো ব্যবহার করছি। বরাদ্দ না থাকায় আধুনিক যন্ত্রপাতি কিনতে পারছি না।’ জায়গা বেদখল ও অবৈধ ভাড়াঘর: বন গবেষণা ইনস্টিটিউটের ৭৫ দশমিক ৬৬ একর জমির মধ্যে বিভিন্ন সময় সাত দশমিক ৮০ একর বেদখল হয়ে যায়। ওই জমি উদ্ধারের জন্য হাইকোর্ট ও জেলা জজ আদালতে মামলা চলছে। এ ছাড়া ইনস্টিটিউটের অনেক কর্মচারী বিভিন্ন স্থানে অবৈধভাবে কাঁচা ও আধাপাকা ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালে এসব অবৈধ ঘর উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ শ্রেণীর এক কর্মচারী বলেন, ‘আমাদের থাকার জন্য একটা কক্ষ দেওয়া হয়েছে। কিন্তু আমার বাচ্চা বড় হয়েছে, পড়াশোনা করে। এখন ওই কক্ষে থাকা যায় না।’ কিন্তু আপনি বেশি ঘর নির্মাণ করে কেন ভাড়া দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা বহিরাগত নয়। আমার আত্মীয়।’ বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) শাহীন আকতার বলেন, ‘অবৈধ ঘর নির্মাণকারীদের তালিকা করেছি আমরা। তবে তাঁদের জন্য আবাসনের ব্যবস্থা করা যায়, নাকি ঘরগুলো এক জায়গায় সরিয়ে আনা যায়—সে চিন্তা হচ্ছে।’ নানা সমস্যা থাকলেও বন ও বনজসম্পদ গবেষণায় এ ইনস্টিটিউটের সাফল্য ও সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিলেন গবেষণা কর্মকর্তারা। কাষ্ঠ যোজনা বিভাগের প্রধান খুরশিদ আকতার বললেন, ‘বাঁশের যোজিত আসবাবপত্র সারা বিশ্বে আমরাই প্রথম করেছি। এ ছাড়া আমাদের কাঠ ও বাঁশের দীর্ঘস্থায়ী সংরক্ষণব্যবস্থা সবক্ষেত্রে সমাদৃত।’ মোখলেছুর রহমান বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয় বনের সমস্যা নিয়ে আমাদের গবেষণা কাজ দিয়ে দেখুক আমরা কত পারি। আমরা সে চ্যালেঞ্জ নিতে তৈরি।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোছাইন বলেন, ‘বন গবেষণা ইনস্টিটিউট এসংক্রান্ত স্বয়ংসম্পূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু বন বিভাগ ও বন গবেষণা ইনস্টিটিউটের মধ্যে কিছুটা দূরত্ব কাজ করে। বন বিভাগ তাদের গবেষণার সব ফলাফল পুরোপুরি প্রয়োগ করলে বাংলাদেশ অনেক উপকৃত হবে।’ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এম ওয়াহেদ বকস বলেন, ‘আমাদের লোকবলসংকট আছে। তবে আমাদের উদ্যোগ থেমে নেই। কাজ থেমে নেই।’