জনবলসংকটে ট্যুরিস্ট পুলিশ
ট্যুরিস্ট পুলিশের স্বল্পসংখ্যক জনবল দিয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে একসঙ্গে যখন সৈকতে লাখো পর্যটকের ঢল নামে, তখন নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে প্রতিষ্ঠিত ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সূত্র জানায়, সৈকতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকের নিরাপত্তা, সমুদ্র তীরবর্তী এলাকায় পাহাড়কাটা, পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের সময়ে সমুদ্র তীরবর্তী এলাকার জনগণের জানমাল রক্ষাসহ নানা সেবামূলক কাজের জন্য ট্যুরিস্ট পুলিশ বাহিনী গঠন করা হয়। ২০০৯ সালের ১৬ আগস্ট তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ এ কার্যক্রম উদ্বোধন করেন।সূত্র আরও জানায়, ২০০৭ সালে জুলাইতে ট্যুরিস্ট পুলিশ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের বিদ্যমান পদের অতিরিক্ত দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি), একজন উদ্ভিদ ও প্রাণিজগৎ নথিভুক্তকরণ কর্মকর্তা, একজন জীববৈচিত্র্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মকর্তা, একজন ইকোট্যুরিজম কর্মকর্তা, তিনজন পুলিশ পরিদর্শক, ২০ জন উপপরিদর্শক (এসআই), ১৩৫ পুরুষ ও ১০ মহিলা কনস্টেবলসহ ১৭৩টি পদ সৃজন করে এ বাহিনীর গঠন পরিকল্পনা তৈরি করা হয়। পরবর্তীকালে সংস্থাপন মন্ত্রণালয় বিভিন্ন পদবির ১২২টি পদ সৃজনের সম্মতি দেয়। এর মধ্যে ৮২ জনবল নিয়ে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে এ পুলিশ শহরের ডায়াবেটিকস হাসপাতাল, লাবণী, কলাতলী, মহেশখালীর আদিনাথ মন্দির, হিমছড়ি এবং ইনানী সৈকত পয়েন্টে কার্যক্রম শুরু করলেও বর্তমানে একই জনবল দিয়ে পুরো জেলা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য উদ্বোধনী দিনে নাইট ভিশন, বাইনোকুলার, ডিজিটাল ক্যামেরা, স্পিডবোট, মোটরসাইকেল, কম্পিউটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সরবরাহ করা হয় আরও ছয়টি বায়নোকুলার, বালুচর দিয়ে দ্রুত যাতায়াতের জন্য চারটি বিচ বাইক, সাগরে নিখোঁজ পর্যটকদের দ্রুত উদ্ধারের জন্য একটি স্পিডবোট, চারটি নাইট বায়নোকুলার ও ভিশন ক্যামেরা দেওয়া হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এসব সরঞ্জাম সরবরাহ করে।নাম প্রকাশে অনিচ্ছুক ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্য জানান, এখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত টানা ২০-২২ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয় তাঁদের। এতে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশের জনবলস্বল্পতার সুযোগে দুর্বৃত্তরা ভ্রমণে আসা পর্যটকদের নানাভাবে হয়রানি করছে। ছিনিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা। পাহাড়কাটা, বনাঞ্চলের গাছনিধন, জীববৈচিত্র্য ধ্বংস ও প্রতিরোধ করা যাচ্ছে না। পর্যাপ্ত সেবা দিতে জনবল বাড়িয়ে এর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।গত ৪ মার্চ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার কক্সবাজার সফরে এসে পর্যটনশিল্পের বিকাশ এবং ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশকে আরও আধুনিক করার ঘোষণা দেন। কক্সবাজার সমুদ্রসৈকতসহ মহেশখালী, সোনাদিয়া, ইনানী, হিমছড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্প্রসারণ করার আশ্বাস দেন। এক প্রশ্নের জবাবে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, বাংলাদেশ পুলিশ বিভাগে ৩২ হাজার ৩১ জন সদস্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্তরে ১৫ হাজার ১৭৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি সদস্যদেরও নিয়োগ দেওয়া হবে। তখন ট্যুরিস্ট বাহিনীর সংকট দূর হবে। কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও ট্যুরিস্ট পুলিশ বিপুলসংখ্যক পর্যটককে সেবা দিয়ে যাচ্ছে। দ্রুত এ বাহিনীর জনবলসংকট নিরসন করে জোরদার কার্যক্রম পরিচালনা করা হবে।