জনমবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে পড়ে? মনে পড়ে তোমার? মাথায় বাঁধা সাদা ব্যান্ডেজ ভিজে ভিজে যাচ্ছিল রাঙা রক্তে আমার। তিনটি সেলাই শুনে জ্ঞান হারিয়েছিলে তুমি। আমার এক ফোঁটা রক্ত দেখতে চাওনি, তাই স্বচ্ছ জলে অস্বচ্ছ করেছিলে চোখ দুটো।সেই তুমি কালো রাজপথ টকটকে লাল করলে মুহূর্তে। চলে গেলে সেই রক্ত মেখে, মাখিয়ে। তোমার ওই চলে যাওয়া বুঝতে পারিনি আমি। তোমাকেও ব্যান্ডেজ পরাল ওই সাদাই। কেউ খুলল না আর। পৃথিবীর বয়ে যাওয়া এত বাতাস, সব নিষিদ্ধ হলো তোমার জন্য। নাড়ির টানেই সেদিন বোধ হয় হু হু করে উঠেছিল বুকটা। ভেবেছিলাম আবার আসবে। আসোনি। ঘাসফুল আর পাতাবাহারেরা লুকোচুরি খেলে তোমার বুকে। ফিঙে আর শালিকেরা অকারণে ছুঁয়ে যায় তোমার ক্ষয়ে যাওয়া ‘জনমবাড়ি’কে। কত রাত ডেকেছি শব্দে আর নিঃশব্দে। তুমি আর শোনোনি। একবারও না। তোমায় মিছামিছি ডাকি আমি। এই দেখো, আমার অদম্য চোখেরাও ডাকে স্বচ্ছ ধারা নিয়ে। সুনীল স্যারের বেতের চিহ্ন আঁকা পিঠে আমার হাত বোলাতে পরম পরশে, রাত জাগতে শিয়রে আমার গা গরম হলে—সেই তুমি কতকাল ধরে নির্বাক নিশ্চিন্তে ঘুমিয়ে আছো। বিশ্বাস করো, আমি ঘুমের ঘোরে হাতড়াই। হ্যাঁ, এখনো খুঁজে ফিরি তোমাকে। নিঝুম রাতে বারান্দায় এসে দাঁড়াই। অনুভব করি, ডাকি তোমাকে। ঝিঁঝি পোকারা ব্যঙ্গ করে আমার সঙ্গে। আচ্ছা, এই তীব্র শীতের রাতে, ঝুমঝুম বর্ষার রাতে, হু হু করে বয়ে যাওয়া ঝড়ের সঙ্গে বজ্রের রাতে কষ্ট হয় না তোমার? ভয় করে না?তুমি যাওয়ার পর আর কখনো কাঁঠালের বিচি পুড়িয়ে খাইনি। বড় বড় মাছ খেতে গেলে তোমার গন্ধ আসে নাকে। খাই না। কত কথাই না বলেছিলে তুমি আমাকে। মানি না, কিচ্ছু মানি না আমি। তোমার রেখে যাওয়া সাহেবের সঙ্গে বিদ্রোহ করি, নিষেধ সত্ত্বেও। খাওয়া, গোসল এখন একান্তই আমার ইচ্ছা। আমার এই অবাধ্যতার ফল জানো তুমি? অকারণে রক্তাক্ত হই বারবার। ছোপ ছোপ কালচে রক্ত গলা বেয়ে নেমে যায়, ভিজে ওঠে সাদা গেঞ্জি। আমি জানি, এ আমার পাপের ফল। প্রতিদিনই মনের মণিকোঠার সেলাই ছিঁড়ে ছিঁড়ে যায়—তিক্ত যন্ত্রণায় আবার সেলাই করি, তিনটি না অনেক। কিন্তু আবার ছিঁড়ে ছিঁড়ে...।আমায় কি অভিশাপ দিয়েছ? তুমি না আমার ‘মা’।নাম প্রকাশেঅনিচ্ছুকস্যার এ এফ রহমান হলঢাকা বিশ্ববিদ্যালয়।