জনসংখ্যার চাপ ‘জনসংখ্যা’র পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা বিভাগের পাঠ্যসূচির অংশ হিসেবে ‘পপুলেশনস কমিউনিকেশন’ পড়তে পড়তেই কোর্সটির প্রতি জন্ম নেয় আলাদা একটা ভালো লাগা। এরপর স্নাতক ও স্নাতকোত্তর শেষে কাজ শুরু করেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়। কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সঙ্গে নিজের ভালো লাগা থেকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সান্ধ্যকালীন প্রোগ্রামে। বলছিলেন আলী হায়দার আজম।সাইদুর রহমানের ঘটনাটি একটু ভিন্ন। তিনি বলেন, ‘বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করে যুগের সঙ্গে তাল মেলাতে এমবিএ করলাম। যোগ দিলাম একটি বিজ্ঞাপনী সংস্থায়। কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, বিজ্ঞাপন তথা জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজটি করতে গেলে “টার্গেট অডিয়েন্স” সম্পর্কে জানতে হবে। মানুষের অবস্থান, চিন্তাধারা, খাদ্যাভ্যাস, জীবনাচার, স্বাস্থ্য, শিক্ষা, সম্পদসহ সার্বিক অবস্থাটা বুঝতে হবে। আর সে কারণেই ভর্তি হয়েছি পপুলেশনস সায়েন্সে।’কথা হয় তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফয়জুন্নাহারে সঙ্গে। উন্নয়ন সংস্থায় কাজ করার জন্য তিনি পপুলেশনস সায়েন্সে পড়ছেন বলে জানান। পপুলেশনস সায়েন্স কীমানুষ তথা জনসমষ্টিকে জানার বিষয়টি হলো পপুলেশনস সায়েন্স। তবে বিষয়টি শুধু তাত্ত্বিক নয় বরং অনেকটাই প্রায়োগিক পাঠ। অধিক জনসংখ্যা অধ্যুষিত একটি দেশের জনগণকে বোঝা হিসেবে বিবেচনা না করে বরং কীভাবে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে। সঙ্গে সঙ্গে জনগণের স্বাস্থ্য, নারী অধিকার, দারিদ্র্য বিমোচন, নগর উন্নয়নের বিষয়টি রয়েছে পপুলেশনস সায়েন্সে। এখন সবাই বলছে, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা দরকার। কিন্তু কীভাবে? এই প্রক্রিয়া জানার জন্য এ বিভাগে পড়া দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশনস সায়েন্স বিভাগের চেয়ারম্যান মেহেদী হাসান খান। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কৌশলটাও জানা থাকা প্রয়োজন। কোথায় পড়বেনসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রাম চালু আছে। এ ছাড়া পিএইচডি ও তিন মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স করানো হয় এখানে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ও এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স পড়ানো হয়। এ ছাড়া নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, এআইইউবি, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ নামে বেশ কিছু বিষয় পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশনস সায়েন্সে দুই বছর মেয়াদি মাস্টার্স করিয়ে থাকে। যেখানে চারটা সেমিস্টারে ৬৪ ক্রেডিট পড়ানো হয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠানভেদে ৫১ থেকে ৪৯ ক্রেডিট পড়িয়ে থাকে।পড়ার যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশনস সায়েন্স বিভাগে মাস্টার্সে পড়তে চাইলে চার বছরের স্নাতক কিংবা সমমানের ডিগ্রিধারীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। অন্যদিকে তিন মাসের ডিপ্লোমা করতে দরকার সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশনস সায়েন্সে পড়তে হলে নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এখানে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও মাস্টার্স প্রোগ্রামে আলাদা করে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয় না। খরচাপাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স করতে খরচ পড়বে ৪০ হাজার টাকা। ডিপ্লোমাতে খরচ পড়বে ৩০ হাজার টাকা। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে খরচ পড়বে এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ ৫০ হাজার টাকা। কাজের সুযোগ‘শুধু একবার এ ক্ষেত্রে এসে দেখেন আর পেছনে ফিরে তাকাতে হবে না। ক্যারিয়ার গড়তে এ বিষয়ের জুড়ি নেই।’ বলেন সেভ দ্য চিলড্রেনে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশনস সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী আলী হায়দার আজম। বর্তমান সময়ে মানুষের লক্ষ্য উন্নয়ন। আর উন্নয়ন-প্রক্রিয়াকে বেগবান করতে জনগণের সক্ষমতার বিকাশ ঘটাতে হবে। পপুলেশনস সায়েন্সের শিক্ষার্থীদের দেশি-বিদেশি এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, মেরি স্টোপস, এসএমসি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার বহু সুযোগ আছে বলে জানান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম নূর-উন-নবী। যোগাযোগঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশনস সায়েন্সের সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামের ফরম বিতরণ চলছে। বিভাগ থেকে ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে ১৩ মে পর্যন্ত পর্যন্ত। ফরমের মূল্য ৬০০ টাকা। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য www.dpsdu.edu.bd এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য www.ru.ac.bd ওয়েবসাইটে লগ ইন করতে পারেন।