জনসভার টুকিটাকি
বিএনপির পলোগ্রাউন্ডের জনসভা ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভাস্থলে ঘটে নানা হাস্যরসের ঘটনাও। এসবের খণ্ডিত চিত্র তুলে ধরা হলো।হাসিনার দিন শেষ-খালেদার বাংলাদেশ: সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য মঞ্চের বাঁ দিকে একটি ভবনের ছাদে তৈরি করা হয় আরেকটি মঞ্চ। এই মঞ্চে শিল্পীরা গান পরিবেশন করেন। ‘হাসিনার দিন শেষ-খালেদার বাংলাদেশ...’। ‘এই লড়াই খালেদা জিয়ার, এই লড়াই জিততে হবে...’ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে রচিত এসব গান পরিবেশনের সময় জনসভায় উপস্থিত শত শত মানুষ তুমুল হাততালি দিয়ে শিল্পীদের অভিনন্দন জানান।‘ওই ব্যাটা পাল্লা নামা’: মঞ্চ থেকে প্রায় ৫০ ফুট দূরত্বে বাঁশের মাথায় টুকরি দিয়ে তৈরি দুটি দাঁড়িপাল্লা ঝুলিয়ে দিয়েছিলেন জামায়াতে ইসলামীর কর্মীরা। এ কাজটি করা হয় জনসভার একদিন আগে। গতকাল বেলা ১২টায় মঞ্চের সামনে এ নিয়ে তর্ক বেঁধে যায় ছাত্রদল ও শিবিরের কিছু কর্মীর মধ্যে। ছাত্রদলের বিক্ষুব্ধ একজন কর্মী শিবিরকে উদ্দেশ্য করে বলেন, ‘ওই ব্যাটা পাল্লা নামা।’ অবশ্য শিবির-কর্মীরা পাল্লা নামাননি।‘চেনা বামুনের পৈতা লাগে না’ : পলোগ্রাউন্ড মাঠের চারপাশে শত শত ডিজিটাল ব্যানার। এসব ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি ছিল জেলা ও নগর বিএনপির একাধিক শীর্ষ নেতার ছবি। ছিল না শুধু এক নেতার ছবি। তিনি হলেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ। জনসভাস্থলে প্রিয় নেতার ছবি না থাকায় বিএনপির কর্মী আবুল মকসুদ তাঁর আরেক সহকর্মীকে উদ্দেশ্য করে বলেন, ‘চেনা বামুনের পৈতা লাগে না’। ‘এই মামুইন্যে তুই মঞ্চতুন নামি যা...’: তখন সকাল সোয়া ১০টা। মঞ্চে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন নগর যুবদলের নেতা আবুল হাশেম বক্কর। এ সময় মামুন নামের আরেকজন যুবদল নেতা মঞ্চে ওঠার জন্য নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কজুড়ে দিলে তাঁকে উদ্দেশ্য করে বক্কর বলেন, ‘এই মামুইন্যে তুই এহন নামি যা, তুর ...।’ এ সময় উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন।