জনসমুদ্রে নেমেছে জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ভোরে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়েছেন আইনের ছাত্রী মৈত্রী ভট্টাচার্য। একুশের প্রভাতফেরিতে আসা লোকজনের লম্বা লাইন শহীদ মিনার থেকে শুরু হয়ে তখন নন্দনকাননের ডিসি পার্ক ছুঁয়েছে। মৈত্রী বললেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এ অপেক্ষা কষ্টকর লাগছে না।’ গতকাল সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল শহীদ মিনারে। জনসমুদ্রে জোয়ার নেমেছে, অনুচ্চারিত এই কথাটিই যেন প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। কথা হয় প্রভাত ফেরিতে আসা বোধন আবৃত্তি বিদ্যালয়ের সভাপতি আবদুল হালিমের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে আমরা পাকিস্তানি সেনাদের ভয়ে লুকিয়ে ফুল দিতে আসতাম। আর এখন সব বয়সের লোকজন দেখে গর্ব হয়।’ সকাল থেকেই রংতুলিতে মানুষের মুখে নকশা আঁকছিলেন চারুকলার ছাত্রী রুমানা জামান। তিনি বলেন, ‘খুব ভালো লাগে আমাদের ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা দেখে।’ লাল কালিতে অমর একুশে লেখা গালে নিয়ে ঘুরছে ছোট্ট অহনা, মাকে তার আবদার জানায়, ‘পতাকা কিনব, পতাকা কিনে দাও।’ জিজ্ঞেস করি, কী করবে পতাকা নিয়ে? উত্তরে মিষ্টি হেসে বলে, ‘পতাকা নিয়ে আমার সোনার বাংলা গাইব।’ সাহিত্যের ছাত্রী তাহিনা আকতারের বক্তব্য, ‘ভাষার লড়াই দেখিনি, এখানে এসেছি তাই তাঁদের শ্রদ্ধা জানাতে।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থ বড়ুয়া বলেন, ‘আমরা এখন সবকিছু শুধু দিবস হিসেবে পালন করি, দিবস চলে গেলে তার কথা মনে রাখি না। এটা উচিত নয়।’প্রভাতফেরিতে বেশিরভাগ মানুষ এসেছিলেন সাদা-কালো পোশাক পরে। শোক আর শ্রদ্ধার সাথে মিশে ছিলো দৃঢ় প্রত্যয়। সব বাধা ছিন্ন করে এগিয়ে যাবে এই দেশ। মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। কারণ একুশ মানে তো মাথা নত না করা।