রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বিষয়ে এক প্রশিক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সামাজিক অপরাধ থেকে নাগরিকদের রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠার শপথ নিয়েছেন। ৬ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সফল ম্যাজিস্ট্রেসি অভিযানের কিংবদন্তি হিসেবে পরিচিত সাবেক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরী দিনব্যাপী এ অধিবেশন পরিচালনা করেন। অধিবেশনে খাদ্যে ভেজাল, পরিবেশদূষণ, অবৈধ দখল, যান চলাচলে বিশৃঙ্খলা, অবৈধ ইটভাটা, সরকাির সম্পদ চুরি ও অপচয় ইত্যাদি প্রতিরোধে ম্যাজিস্ট্রেসি অভিযান কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
মুনীর চৌধুরী তাঁর বক্তব্যে প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষুতে ভীত না হয়ে অপরাধীদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইনি শক্তির মাধ্যমে নাগরিকদের শান্তি ও নিরাপত্তা প্রদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় মাপের অবদান রাখা সম্ভব।
এ প্রসঙ্গে তিনি চট্টগ্রাম বন্দর, ওয়াসা, সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, বিএসটিআইতে তার বেশ কিছু অভিযানের স্মরণীয় ঘটনা তুলে ধরে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামাজিক বিপ্লব সৃষ্টির আহ্বান জানান। এর আগে সকালে জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল এ অধিবেশন উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।