জনৈক ইতিবাচকের বন্যা-ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম ‘ইতিবাচক’ মানুষ বন্যার কথা শুনলেই আকাশ থেকে পড়ছেন! তাঁদের মতে দেশে আসলে বন্যাটন্যা কিছুই নেই। সব বানানো গালগল্প। তাঁদেরই একজন ‘ইতিবাচক সংঘের’ সদস্য মোখলেছ। বন্ধু মোজাম্মেলের সঙ্গে তাঁর বন্যাসংক্রান্ত কথোপকথন এ রকম—

মোখলেছ: হেই মোজাম্মেল ব্রো, হোয়াটস আপ?

মোজাম্মেল: না রে দোস্ত, দেশের যে অবস্থা, তাতে আপ-টাপ কিছু নাই। অবস্থা পুরাই ডাউনের দিকে!

মোখলেছ: দেশের আবার কী হইল, ব্রো?

মোজাম্মেল: কী বলিস! সারা দেশ বন্যায় ভেসে যাচ্ছে আর তুই জিজ্ঞেস করছিস দেশের আবার কী হইল!

মোখলেছ: আরে ধুর, এইসব বন্যা-টন্যা কিচ্ছু না। সব স্বাভাবিকই আছে। বৃষ্টির কারণে জাস্ট একটু পানিটানি জমছে। আর মানুষজন সেইটারেই তিল থেকে তরমুজ বানায়া বন্যা বন্যা করতেছে।

মোজাম্মেল: আজব! তুই আছিস কোন জগতে? দেশের খবরটবর দেখি কিছুই রাখিস না। লাখ লাখ মানুষ বন্যাকবলিত। প্রয়োজনীয় ত্রাণসহায়তা পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিনে প্রায় সত্তরজনের বেশি মানুষ মারা গেছে। অথচ তোর কাছে এটা কিছুই না?

মোখলেছ: ওরেব্বাস, তোর দেখি অনেক ইমোশন। এত আবেগ লইয়া তুমি কী করিবা, ব্রো? আচ্ছা, একটা কথা বল তো, তুই কি নিজের চোখে এসব দেখেছিস?

মোজাম্মেল: নিজের চোখে দেখতে হবে কেন। পেপার-পত্রিকা আর টিভির খবরে তো নিয়মিতই এসব বলছে।

মোখলেছ: জানতাম। আরে হাবা, ওই পেপার আর টিভিওয়ালারা তো আছেই খালি ইস্যু বানানোর তালে। আর ওদের ক্যামেরা সব নেগেটিভ জিনিসের দিকেই তাক করা থাকে। এই যে দেশে এত এত উন্নয়ন হচ্ছে, সেগুলো তারা দেখাবে না। অথচ, কোথাও এক-আধটু পানি জমেছে কি জমেনি সেইটা নিয়া গল্প ফেঁদে বসেছে! কিছু মানুষ হয়তো এমনিতেই মরেছে। কিন্তু তার দায় চাপিয়ে দিয়েছে ওই তথাকথিত বন্যার ঘাড়ে। আর তোরাও যে কী! একটা কিছু খালি পাইলেই হইল, ব্যস, সেইটা নিয়াই হই হই রই রই। বি পজিটিভ, ব্রো!

মোজাম্মেল: এত ইতিবাচক ক্যামনে থাকিস, ম্যান? আমরা তো পারি না।

মোখলেছ: পারবা ক্যামনে? তোমাদের তো সবার ডার্টি মাইন্ড! খালি নেগেটিভ চিন্তা, খালি নেগেটিভ চিন্তা। তুই এক কাজ কর। আমাদের ‘ইতিবাচক সংঘে’ যোগ দে। দেখবি বন্যাটন্যা তো দূরের কথা, দেশে আসলে খারাপ কিচ্ছু নেই। খালি উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন...