জনৈক উত্তর ঢাকাবাসীর ভ্রমণ-অভিজ্ঞতা
সময় পেলে ঘুরে বেড়ানোর অভ্যাস আমার বহু দিনের। ইট-কাঠের উত্তর ঢাকায় থেকে হাঁপিয়ে উঠেছিলাম। তাই কয়েক দিন ছুটি পেয়ে দেশমাতৃকার অপার রূপরহস্য খুঁজে বেড়াতে ছুটে গিয়েছিলাম দক্ষিণ ঢাকায়। ভ্রমণপিয়াসী উত্তর ঢাকাবাসীর জন্য দক্ষিণ ঢাকায় ঘুরে বেড়ানোর বিভিন্ন খুঁটিনাটি নিয়ে থাকল আজকের এই আয়োজন—ঘুরে আসুন দক্ষিণ ঢাকা।কী কী দেখবেনছুটি কাটানোর জন্য দক্ষিণ ঢাকা অত্যন্ত চমৎকার স্থান। কারণ, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাই উত্তর ঢাকা থেকে দক্ষিণ ঢাকায় আসা মানে একটু হলেও সাগরের কাছাকাছি চলে আসা। তাই সাগরের ফ্লেভার পেতে চাইলে চলে যেতে পারেন সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গায় রয়েছে অসম্ভব মনোহর কুচকুচে কালো পানি। তবে সাবধান থাকবেন, ভুলবশত নদীর পানি শরীরে লাগলে সে জায়গা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে ভুলবেন না। এ ছাড়া দক্ষিণ ঢাকায় এলে আপনি আরও দেখতে পাবেন মানুষ, উঁচু দালানকোঠা, তার ফাঁকে ফাঁকে দু-একটা গাছ, রাস্তার জ্যাম, ফুটপাতে হকার ইত্যাদি। দেখার মতো আরও রয়েছে সিনেমা হলে সিনেমা, দেয়ালে পোস্টার, বিলবোর্ড। এগুলো অবশ্য উত্তর ঢাকায়ও দেখা যায়। তবে দক্ষিণ ঢাকায় এসে সবকিছুকেই আপনার পর্যটকের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেটা দেখবেন সেটার দিকেই অবাক হয়ে তাকিয়ে বলবেন, ‘ও মাই গড, কী সুন্দর!!’ একই সঙ্গে টুকটাক ছবি তুলতে ভুলবেন না। কারণ, ছবি তোলা পর্যটকদের জন্য অবশ্যকর্তব্য। কীভাবে যাবেনআপনি যদি ঢাকার বাসিন্দা হোন, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন ঢাকায় আছেন। যদি আপনার অবস্থান উত্তর ঢাকায় হয়, তাহলে আপনি বাস, সিএনজি, রিকশায় করে বা হেঁটে হেঁটে দক্ষিণ ঢাকায় যেতে পারেন। আর আপনি যদি দক্ষিণ ঢাকাতেই থাকেন, তাহলে প্রথমে একটু কষ্ট করে আপনাকে উত্তর ঢাকায় যেতে হবে এবং সেখান থেকে দক্ষিণ ঢাকায় আসতে হবে। যাত্রাপথের রোমাঞ্চউত্তর ঢাকা থেকে দক্ষিণ ঢাকায় যেতে আপনাকে পথে পথে ছুঁয়ে যাবে রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। বাসে আপনাকে স্বাগত জানাতে রয়েছে পকেটমার ও মলম পার্টির অভিজ্ঞ সদস্যরা। একই সঙ্গে বাড়তি বিনোদন হিসেবে রয়েছে যাত্রাপথের অসহনীয় যানজট।কোথায় থাকবেনদক্ষিণ ঢাকায় থাকা নিয়ে মোটেও চিন্তাভাবনা করবেন না। রাত কাটানোর জন্য নিশ্চয়ই সেখানে আপনার কোনো আত্মীয়স্বজনের বাসা পাবেন, আত্মীয়স্বজন না থাকলে কাছের বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে তা-ও না থাকলে দিনে দিনে ভ্রমণ শেষ করে ফিরে আসবেন উত্তর ঢাকায়। কোনো কিছু দেখার বাকি থাকলে পরদিন আবার চলে যাবেন দক্ষিণ ঢাকায়।কী খাবেনসবকিছু বলে দিতে হয় নাকি? টাকা থাকলে আপনার যা ইচ্ছা, তা-ই খাবেন। না থাকলে দুপুরে বাসায় ফিরে খেয়ে নেবেন।তাই আর দেরি না করে উত্তর ঢাকাবাসী আজই ঘুরে আসতে পারেন দক্ষিণ ঢাকা। ভ্রমণ শেষে প্রিয়জনদের জন্য উপহার হিসেবে কিছু নিয়ে যেতে ভুলবেন না।সঙ্গে নিতে ভুলবেন নাসদ্য বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ম্যাপ অবশ্যই সঙ্গে রাখবেন। কারণ, হাঁটতে হাঁটতে হঠাৎ করে উত্তর ঢাকায় চলে এলে ছুটির আমেজ নষ্ট হয়ে যেতে পারে। সঙ্গে করে আরও নিতে ভুলবেন না সেলফোন ও টাকা।