জন্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়াকেই জন্ডিস বলে। জন্ডিসের কারণ বিবিধ, কিন্তু এই সময়ে ভাইরাসজনিত জন্ডিসের প্রকোপই বেশি দেখা যাচ্ছে।হেপাটাইটিস এ এবং ই ভাইরাস খাদ্য ও দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয়। গ্রীষ্মকালে এই ভাইরাসের প্রকোপ বেশি। তবে হেপাটাইটিস বি ও সি দূষিত রক্ত, ব্যবহূত সিরিঞ্জ, অনিরাপদ শারীরিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে ছড়ায়। এগুলোর প্রকোপের কোনো নির্দিষ্ট ঋতু নেই।ভাইরাস সংক্রমণের পর প্রথমে খাবারের প্রতি ভীষণ অরুচি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, হালকা জ্বর, পেটে চিনচিন ব্যথা ইত্যাদি দেখা দেয়। তারপর ধীরে ধীরে প্রস্রাব ও চোখের রং হলুদ হতে থাকে। ত্বকও হলুদ হয়ে যায়। কোনো জটিলতা দেখা না দিলে তিন থেকে চার সপ্তাহের মধ্যে রোগ সেরে যায়। খাদ্য গ্রহণে তেমন কোনো বিধিনিষেধ নেই। রোগী ঘরে তৈরি স্বাভাবিক খাবার খাবেন। তবে যকৃৎ ও পিত্তথলিকে বিশ্রাম দেওয়ার জন্য অতিরিক্ত তেল, ঘি, মাখন, ভাজা খাবার, ফাস্ট ফুড, গরু ও খাসির মাংস ইত্যাদি না খাওয়াই ভালোভাইরাল হেপাটাইটিসজনিত জন্ডিসের মূল চিকিৎসা বিশ্রাম। কখনো হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ভারী বা পরিশ্রমের কোনো কাজ করবেন না। পর্যাপ্ত বিশ্রাম না নিলে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জটিল আকার ধারণ করতে পারে। জন্ডিস হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া নিষেধ। ডায়াবেটিক রোগীরা এ সময় খাওয়ার ওষুধের পরিবর্তে ইনসুলিন ইনজেকশন ব্যবহার করবেন। যাঁরা টিবির ওষুধ খাচ্ছেন, তাঁরা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।জন্ডিসের চিকিৎসায় ধোয়ানো, মালা পরা, হলুদ খাওয়া, কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক ইত্যাদির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে আরও ক্ষতি হতে পারে।হেপাটাইটিস বি এবং এ এর প্রতিষেধক টিকা রয়েছে। হেপাটাইটিস বি টিকা না নেওয়া থাকলে অবশ্যই নিয়ে নিন। যকৃৎ ও পরিপাকতন্ত্রবিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।