পাঁচ বছর আগে নির্মিত রাউজানের ডাবুয়া স্লুুইস গেটটি জন্ম থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে শুষ্ক মৌসুমে পানির অভাবে এলাকার কৃষকদের মধ্যে হাহাকার দেখা দেয়। এমনকি পানির দখল নিয়ে মারামারি পর্যন্ত হয় বলে জানা গেছে।জানা যায়, ডাবুয়া খাল পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে ফটিকছড়ির উপর দিয়ে এসে রাউজানের সর্তা খাল ও হালদা নদীতে মিশেছে। শুষ্ক মৌসুমে সুষ্ঠুভাবে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ খালের আলীখীল এলাকায় ২০০৭ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। তবে স্থানীয় কৃষকদের মতে, স্লুইস গেটটি অপরিকল্পিতভাবে খালের স্রোতের উল্টোদিকে নির্মিত হয়েছে। এতে গেট এলাকায় পলি জমে পানি সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে।স্থানীয় কৃষক আনোয়ার মিয়া জানান, এলাকার বেশির ভাগ মানুষ কৃষিজীবী। আর ফসল উৎপাদন নির্ভর করে ডাবুয়া খালের পানির ওপর। কিন্তু খালে পানি না থাকায় বিপুল জমি অনাবাদি থেকে যায়।কৃষক আবুল মনছুর বলেন, ‘স্লুইস গেটটির নির্মাণকাজ দেখে এলাকার কৃষকেরা আশায় বুক বেঁধেছিল। এটি জন্ম থেকে অকেজো হয়ে থাকতে দেখে সবাই হতাশ।’ তিনি জানান, অকার্যকর স্লুইচ গেটটির কারণে খালের পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। এতে খালের পার দিন দিন ভেঙে যাচ্ছে। খালসংলগ্ন অনেক কৃষিজমি তলিয়ে যাচ্ছে খালে। খালের দুপারের চাষিরা জানান, এই খালে জোয়ার ভাটা হয় না। উঁচু থেকে নেমে আসা একমুখী পানি দিয়েই চাষাবাদ করতে হয়। আলীখীলের কৃষক আবদুল করিম বলেন, ‘শুষ্ক মৌসুমে এখানকার কৃষকদের মধ্যে পানির জন্য মাঝে-মধ্যে মারামারি পর্যন্ত হয়। অনেকেই নিজের প্রভাব খাটিয়ে খালের ওপর দিকে বাঁধ দিয়ে পানি দখল করে রাখে।’ তাঁর মতে, স্লুইস গেটটি সচল থাকলে কারও পক্ষে উজানে বাঁধ দেওয়া সম্ভব হতো না।স্থানীয় কৃষি বিভাগ সূত্র জানায়, ডাবুয়া খালের পানি দিয়ে প্রায় ৭৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। উৎপাদিত হয় শুষ্ক উল্লেখযোগ্য পরিমাণ মৌসুমি সবজি।উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ স্লুইস গেটটি নির্মাণ করেছিল। কৃষি কাজের সুবিধার জন্য ডাবুয়া খালের পানি আটকানোই ছিল এটি নির্মাণের মূল উদ্দেশ্য। এটি সচল থাকলে উজানে পানি ধরে রেখে স্থানীয় কৃষকেরা নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারতেন বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি উপজেলা সমন্বয় সভায় একাধিকবার উঠানো হয়েছে। স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারছেন না। উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম পাটোয়ারী জানান, স্লুইস গেটটি আবার চালু করার জন্য নতুন করে প্রকল্প তৈরি করা হচ্ছে।