জন্মগত জটিল হৃদ্রোগ চিকিৎসা এখন চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মগত হৃদ্রোগ চিকিৎসায় নতুন পদ্ধতি ‘ডিভাইস ক্লোজার’ নিয়ে এক সেমিনার ২৩ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে অনুষ্ঠিত হয়। এতে জন্মগত হৃদ্রোগ ও চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে হৃদ্রোগবিশেষজ্ঞরা আলোকপাত করেন। সেমিনার শেষে পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক এস কে রাজ্জাকের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারে রোগীদের চিকিৎসাসেবা দেন।
ঢাকার বাইরে চট্টগ্রামে এই প্রথম মেট্রোপলিটন হাসপাতালে বিনা অপারেশনে জন্মগত জটিল হৃদ্রোগের চিকিৎসা প্রদান করা হলো। এতে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারের হৃদ্রোগবিশেষজ্ঞ আবদুল মোত্তালেব, এসকে মল্লিক ও আক্তার হোসাইন। উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার হৃদ্রোগীদের সিসিইউ, আইসিইউ, এনজিওগ্রাম, স্টেন্টিং কার্ডিয়াক সার্জারিসহ সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে থাকে।
‘ডিভাইস ক্লোজার’ পদ্ধতিতে চিকিৎসায় পরদিনই রোগী বাড়ি চলে যেতে পারে। এটি আধুনিক ও নিরাপদ পদ্ধতি। বিজ্ঞপ্তি।