জন্মদিন
ফাগুন। রক্তপলাশ, শিমুলে রাঙা চারদিক। ধলাই নদীর পাড়ে এখানে-সেখানে গজিয়ে ওঠা ভাঁটফুলের মাদকতা। গাঙচিলটি মাথার ওপর কয়েক পাক ঘুরে স্বপ্নের খোঁজে অন্য কোথাও পাড়ি জমাল। তিনটি বেজি মুখ তুলে দেখে পালিয়ে গেল নিরাপদ দূরত্বে। ছায়ারা দীর্ঘ হয়। দীর্ঘ হতে হতে নদীর অপর প্রান্ত ছোঁয়। উঠে দাঁড়ানোর পর বিবর্ণ ঘাসগুলো দলিত-মথিত হয়ে আরও বেশি বিবর্ণ দেখায়; যেভাবে অন্তরের ভেতর জমে থাকা স্বপ্নগুলো মথিত হয় জ্ঞাতে-অজ্ঞাতে। ধুলোমলিন পদযুগল নৈরাশ্য মনে নদীর পাড় ধরে হাঁটতে থাকে। ২৫ ফাল্গুন তাঁর জন্মদিন। নিম্ন-মধ্যবিত্তেরও আবার জন্মদিন থাকে! থাকে, অলক্ষে-অগোচরে। নিঃশব্দে এসে চলে যায়। হঠাত্ থমকে আকাশের দিকে তাকিয়ে দেখি, আদিগন্ত বিস্তৃত যাযাবর মেঘমালা। ভাবি, মেঘমালার চাদর বিছিয়ে আমরা দুজন যদি বসে থাকি নদীর পাড়ে, জন্মদিনে। কত কাব্যময় সহজ-সরল সমীকরণ। কোথায় জানি বয়ে যায় ব্যর্থতার ফল্গুধারা; গভীর গোপনে। জন্মদিনে কী আর দিতে পারি শুভেচ্ছা ছাড়া। শুভ হোক জন্মদিন, প্রতিদিন, প্রতিটি ক্ষণ। সৌরীন্দ্র সিনহাকমলগঞ্জ, মৌলভীবাজার।