চ্যানেল আইয়ের যুগপূর্তি এবং ১৩ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই দর্শক ফোরাম এবং চ্যানেল আই চট্টগ্রাম কার্যালয় যৌথভাবে চট্টগ্রমের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শোভাযাত্রার আগে আনন্দ সমাবেশে বক্তৃতা করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ বেগম চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, রাজনীতিবিদ সোলায়মান আলম শেঠ, ডা. শাহাদাত হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে ও আতশবাজি পুড়িয়ে আগত অতিথিরা শোভাযাত্রা উদ্বোধন করেন। শোভাযাত্রাটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়। বিকেলে ডিসিহিলে চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন। পরে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সবশেষে কবিয়াল ইউসুফ ও কবিয়াল আবদুল মান্নান গভীর রাত পর্যন্ত পরিবেশন করেন কবিগান।