জন্মদিনে জগন্নাথে
‘তুই সবুজ শাড়ি পরেছিস, আর আমি সেই বটল গ্রিনটা। ও পরছে লাল শাড়ি। বেশ মজা হবে, তাই না?’ আরেকটু এগোতেই আরেক দল ছেলের কথোপকথন, ‘সকাল সকালই চলে আসব কিন্তু। দুপুরে কি খাওয়া হবে? সবাই একসঙ্গে খাব। ওকে?’ সবার মিলিত স্বর ‘ওকে।’ সবার মধ্যেই একটা প্রস্তুতির আমেজ। আর বিশেষ দিন বলে কথা! ২০ অক্টোবর মানেই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য অন্য রকম আনন্দের আয়োজন। কেননা, এই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছিল নতুন সাজে। আর শিক্ষার্থীরা! সেটা কি আর বলতে হয়? নাচে-গানে সবাই মত্ত। সকালের আনন্দ র্যালি শেষ করেই দিনটি সুন্দরভাবে শেষ করার নেশায় সবাই মাতোয়ারা।২০ অক্টোবরের সকালে লাল, নীল, সবুজ, হলুদে ভরে গেছে চারপাশ। সবার পোশাকে রং, গায়ে রং, সর্বোপরি মনের মাঝে যে রঙের খেলা। এবার ছয় বছর পূর্ণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে ক্যাম্পাসজুড়ে উচ্চ স্বরে বাজছিল গান। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একসঙ্গে বেশ মজা করেই তাল মেলাচ্ছেন গানের সঙ্গে। সেতু নামের মেয়েটি কখনো জোরে কথাও বলেন না, অথচ তিনিই আজ গানের সঙ্গে নিজেকে ধরে রাখতে পারেননি। শুরু করেছেন নাচ। ‘এমন দিনে কি আর নিজেকে বেঁধে রাখা যায়? এমন দিনের জন্য আবার অপেক্ষা করতে হবে এক বছর।’ বলছিলেন রাষ্ট্রবিজ্ঞান পড়ুয়া সেতু। মিলি আর সাদমান বন্ধুদের সঙ্গে মজা করছিলেন বেশ। মুহূর্তে মুহূর্তে ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ।মিলি বলেন, ‘এমন দিনের পুরো স্মৃতিটাই মনে থাকবে। কিন্তু কাউকে যদি সেই ভালো লাগার মুহূর্তগুলোর কথা জানাতে চাই, তাহলে তো সবচেয়ে ভালো উপায় হলো এই ক্যামেরা। সারা জীবন আমাদের পুরোনো দিনগুলো মনে করিয়ে দেবে।’পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী রায়হানের কাছে দিনটি একটু আলাদা মানে তৈরি করে। অন্য অনেক অনুষ্ঠানে অনেক মজা করা হয় বটে, কিন্তু আজকের দিনটির মজা একেবারেই আলাদা। কেন? ‘কেবল এই দিনটিতেই তো পুরো বিশ্ববিদ্যালয়ের সবাই একই ভাবে আনন্দ করি। যখন পিকনিক বা কোনো একটা বিভাগের অনুষ্ঠান হয়, তখন তো কেবল সেই বিভাগের ছেলেমেয়েরা মজা করে। আর এই দিন সবাই একসঙ্গে আনন্দ করি।’আসিফের মনে হচ্ছে, এই দিনটি একসময় স্মৃতি হয়ে যাবে। সে কথা ভেবে তো আর আজকের দিনটি নষ্ট করা চলে না। তাই আবার সবাই মেতে ওঠেন নতুন করে আনন্দে।[email protected]