জন্মদিনের আনন্দযজ্ঞে ...

৪ নভেম্বর ১৬ পেরিয়ে ১৭–তে পা দিল প্রথম আলো। এর সঙ্গে প্রথম আলো বন্ধুসভাও সফল একটি বছর পার করল। ১১ নভেম্বর ছিল বন্ধুসভার জন্মদিন। এদিন চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগ অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন। চট্টগ্রামে প্রথম আলো কার্যালয়ে বন্ধুসভার কক্ষে নাচ, গান, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয় এই আসর।
বিকেল সাড়ে চারটায় ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ শিরোনামে সমাবেত গানের মাধ্যমে শুরু হয় জন্মদিনের আনন্দযজ্ঞ। এরপর শাকেরা শিমু ও পরাগ পাল দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘তোমার ভাঙ্গা গাড়িতে’ গানটি। এরপর বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার সাবেক উপদেষ্টা জিন্নাহ চৌধুরী।
‘ভালো আছি ভালো থেকো’ গানের সুরে সবাইকে মাতিয়ে তোলেন মুহিবুল আরিফ ও শারমিন আব্বাসী। এরপর ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে দর্শকের হৃদয় জয় করে খুদে বন্ধু তানজিলা বিনতে শওকত। ‘কেউ দেখে না কালো হরিণ চোখ’ শিরোনামে কবিতা আবৃত্তি করে বন্ধু নাসরিন আক্তার। এরপর স্মৃতিচারণা করেন সঞ্জয় বিশ্বাস ও শিহাব জিশান।
কথামালা শেষে একে একে গান পরিবেশন করে আসর জমিয়ে তোলেন বন্ধু শাকেরা শিমু, পরাগ পাল, নুসরাত জাহান ও রিন্টু চৌধুরী। গানের ফাঁকে ‘খুব সম্ভবত’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন ফাহিম উদ্দিন। এরপর চট্টগ্রাম বন্ধুসভাকে শুভেচ্ছা জানান প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, হেড অব বিজনেস আবু ইউসুফ ও সহকারী ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ। সবশেষে ‘এমন যদি হতো’ শিরোনামের দলীয় গান পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এর সঙ্গে কেক কেটে আনন্দযজ্ঞের সমাপ্তি টানেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি মিনহাজ হোসাইন।