জন্মদিনের আনন্দযজ্ঞে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা সন্ধ্যা। আকাশের তারারা তখনো জ্বলে ওঠেনি। চারদিকে আলো-আঁধারি পরিবেশ। কিন্তু এর মাঝেই আলোর ঝলকানি দিয়ে আকাশে উঠে গেল পরপর দুটি ফানুস। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে ভেসে এল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সুর। ফানুসের উদ্ভাসিত আলোয় গভীর প্রত্যয় নিয়ে একদল মানুষ গাইছিল প্রেরণার গান। এভাবেই ফানুস উড়িয়ে, গানে ও কথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে হয়ে গেল প্রথম আলোর ১৪ বছর পূর্তি অনুষ্ঠান।৫ নভেম্বর সোমবার নগরের শিশু একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম প্রথম আলো বন্ধুসভার এ আয়োজনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চট্টগ্রামের আলোকিত মানুষেরা। ‘বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো’ স্লোগানে পালিত হয় প্রথম আলোর জন্মদিন। চট্টগ্রাম বন্ধুসভার এই আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, খুলশী বন্ধুসভা, মহিলা কলেজ বন্ধুসভা ও আগ্রাবাদ মহিলা কলেজ বন্ধুসভা।শুরুতে মাইক্রোফোনে কথার ঝড় তোলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তাঁর শুভেচ্ছা বক্তব্যের পর ‘বদলে যাও, বদলে দাও’ গানটি পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এরপর কথামালা নিয়ে মঞ্চে আসেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন।আলোচনা শেষে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ রবীন্দ্রসংগীতটি পরিবেশন করেন বন্ধুসভার সদস্য বৈশাখী সরকার। বন্ধু নুসরাত রিনির গাওয়া ‘মাগো ভাবনা কেন’ গানটি দর্শক-শ্রোতাদের দেশাত্মবোধে উদ্দীপ্ত করে। এর আগে ছিল শহীদ জায়া মুশতারি শফি ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেনের আলোচনা। একটি সংবাদপত্র কী করে তার দায়বদ্ধতা নিয়ে জনগণের মুখপাত্র হয়ে উঠতে পারে এই দুই আলোচক সে দিকটাই তুলে ধরলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক সৌমিত্র পালিত ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস। কথামালা শেষে ‘মাতাল সুরে’ শীর্ষক পাহাড়ি গানের সঙ্গে নাচ পরিবেশন করে দর্শকহূদয় জয় করে খুদে বন্ধু আদৃতা বড়ুয়া। এরপর একে একে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘তোমরা একতারা বাজাইও না’ এসব গান পরিবেশন করে আসর জমিয়ে তোলেন বন্ধু তুষার শুভ্র, রাজীব দে ও উৎপল দত্ত। সবশেষে তাঁদের ‘সাধের লাউ’ গানটি পরিবেশনের মাধ্যমে শেষ হয় এইআনন্দযজ্ঞের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার নুরুল আবরার ও রাসেল চৌধুরী।