জন্মদিনের আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ অক্টোবর ছিল আমাদের জন্য আনন্দের একদিন; প্রিয় ব্লগের জন্মদিন। আর এই জন্মদিনের আনন্দ আয়োজনে ঢাকা এবং দেশের নানা প্রান্ত থেকে প্রথম আলো কার্যালয়ে সমবেত হয়েছিলাম আমরা। অদেখা-অচেনা কিন্তু খুব কাছের এক ঝাঁক মানুষের সঙ্গে এই আনন্দময় ক্ষণে সময়টুকু কেটেছে উচ্ছ্বাস, বাধভাঙা আবেগী কিছু অনুভবকে সঙ্গী করে। প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) পাতায় পাতায়, মন্তব্যে-পোস্টে যে মানুষটি আমার প্রিয় হয়েউঠেছেন, সেদিন তাঁকে দেখেছি সামনাসামনি; এ অনুভূতি বলে বোঝানোর নয়। সৃজনশীল এই মাধ্যমে নিজের স্বাধীন মতামত চর্চা করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ব্লগাররা। অনুষ্ঠানের একেবারেই শুরুর দিকে আবিষ্কার করি আমাদের সঙ্গে কুশল বিনিময়ের জন্য এসেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।এরপর কেক কাটার সময় আমাদের সঙ্গে ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হকসহ আরও বেশ কয়েকজন।উপস্থিত ব্লগাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন সবার সঙ্গে। উপস্থিত সুধীরা কথা বলেন সবার সঙ্গে ঘুরে ঘুরে; সব মিলিয়ে দারুণ প্রাণোচ্ছল এক পরিবেশ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে একজন-দুজন বা দলগতভাবে ছবি তোলার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আড্ডা, আলোচনা ও বক্তব্যে উঠে আসে কিছু প্রয়োজনীয় বিষয়। কে কীভাবে ব্লগচর্চা শুরু করেছেন জানা যায় সেসব কথা। জানা যায়, ব্লগ নিয়ে তার ভাবনার কথা, স্বপ্নের কথা। ব্লগের সুবিধা-অসুবিধা নিয়েও কথা বলেন সবাই; কী করে কারিগরি উন্নয়ন সাধন করা যায় এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ব্লগাররা।এর মধ্যেই বিরামহীনভাবে চলেছে ব্লগারদের আড্ডা, কবিতা আবৃত্তি, মজার শায়েরি, গল্প, গান, কৌতুকসহ নানা হাস্যরস। অনুষ্ঠানে খাবার আয়োজনে ছিল চমক। মুড়ি, মণ্ডা, ছোট ছোট মিষ্টি, শিঙাড়া সমুচার পাশাপাশি কামরাঙ্গা, জাম্বুরা নিয়ে প্রস্তুত ছিলেন একজন; যিনি ‘চাহিবামাত্র’ ভর্তা বানিয়ে পরিবেশন করেছেন আগত সব অতিথিকে। ছিল এক ডালা চানাচুর। যে চেয়েছে তাকেই চানাচুরওয়ালা হাসিমুখে লেবু পেঁয়াজকুচি কাঁচামরিচসহ চানাচুর বানিয়ে দিয়েছেন। এই অভিনব আয়োজন ব্লগাররা দারুণ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। অনুষ্ঠানের একপর্যায়ে আমাদের সবার সঙ্গে এই আনন্দমেলায় যোগ দিতে এসেছিলেন প্রথম আলো ব্লগের সাবেক দুজন সঞ্চালক মাহবুব মোর্শেদ এবং সালাহউদ্দীন শুভ্র। এসেছিলেন সামহোয়্যার ইন ব্লগের সৈয়দা গুলশান ফেরদৌস, বিডিনিউজ ব্লগের কৌশিক আহমেদসহ অনেকে।সবাই জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। শুধু মুখে নয়, লিখেছেন রঙিন কাগজ-কলমে। সেসব সাঁটা ছিলএকটা বোর্ডে।এক বছরে ব্লগে প্রকাশিত সেরা ৬০টি পোস্ট হতে ব্লগারদের মতামতের ভিত্তিত্বে সেরা ছয়জন ব্লগার নির্বাচিত হন। অনুষ্ঠানের একপর্যায়ে তুমুল করতালির মাধ্যমে তাঁদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয় এক রঙা এক ঘুড়ি এবং বুড়িগঙ্গা প্রকাশনীর সৌজন্যে। কমজগৎ ডট কমের সৌজন্যে পুরো আয়োজন ওয়েবে সরাসরি দেখা গেছে।স্বতঃস্ফুর্ত এই আয়োজনটি ছিল ব্লগারদের মিলনমেলা; তাইতো দীর্ঘ ৫ ঘন্টার অনুষ্ঠান শেষেও সবার চোখে মুখে কমেনি উচ্ছ্বাসের এতোটূকু রেশ।লেখক: ব্লগার