জন্মদিনের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুপুরবেলা প্রমা এসে হাজির।
‘আন্টি, রবিনকে নিয়ে যাই।’ আমি ওর কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ি। বলে কী মেয়েটা! মা আমার দিকে তাকান। মিটমিট করে হাসেন।
‘কোথায় নিয়ে যাবে ওকে?’
‘আজ শহরটা ঘুরে দেখব।’
প্রমা এমনই। ও যে একটি মেয়ে, ওর তা মনেই থাকে না। ধুমধাম সব কথা বলে দেয়। একদিন সন্ধ্যাবেলা মা বললেন, ‘প্রমাকে আমার খুব পছন্দ। আগে তোর লেখাপড়া শেষ হোক।’ আমি মায়ের ইিঙ্গতটা বুঝতে পারলাম তিনি কী বলতে চাইছেন। প্রমা আর আমি একই সঙ্গে পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রোজ কল্যাণপুর থেকে একসঙ্গে যাওয়া, একসঙ্গে আসা। দুজনের পরিবারই কল্যাণপুরে। আগে ওরা আদাবরে থাকত।
ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। আমরা তখন টিএসসির সামনে দিয়ে যাচ্ছি। ও তখন চিৎকার করে উঠল। ‘ও মাই গড। আজ নীতুর জন্মদিন। চল, চল নিউমার্কেটে যাই। কিছু একটা কিনি। তারপর কলাবাগানে যেতে হবে।’
‘তুই যা। আমি থেকে যাই। আমাকে তো বলেনি। বা আমি তো ওকে চিনি না।’
‘আমার বন্ধু মানে তোরও বন্ধু, চল।’
আমরা নিউমার্কেট থেকে একটা সুন্দর গিফট কিনি। প্রমা আমার পছন্দেই সেটা কেনে। একটা পুতুল। চাবি দিলে কথা বলে।
আমাকে ড্রয়িংরুমে বসিয়ে সে ভেতরের ঘরে চলে যায়। আমি ভেবেছিলাম বড়সড়ো আয়োজন। কিন্তু না। জন্মদিনের কোনো ফ্লেভারই নেই।
কিছুক্ষণ পর এসেই ও আমাকে ভেতরে টেনে নিয়ে গেল।
ভেতরে গিয়ে তো আমার চক্ষু ছানাবড়া। এ যে নীলিমা। ওর কথাই প্রমা বলেছিল নীতু। আমাকে দেখে নীলিমার যেন আনন্দ উপচে পড়ছে।
নীলিমাকে প্রমা জড়িয়ে ধরে বলল, ‘রবিনকে দিয়ে গেলাম। তোর জন্মদিনের উপহার।’
এ কথা বলে প্রমা গটগট করে চলে যায়।
নীলিমা বলে, ‘ওকে এগিয়ে দিয়ে আসো।’ আমি ওর পেছন পেছন যাই। ও হাসার চেষ্টা করে।
‘রবিন আসতে হবে না। নীতুর কাছে থাক। যা।’
আমি কী করব বুঝে উঠতে পারি না।
নীতু বলে, ‘তুই খুব পচা ছেলে। ওর কথা আমাকে একবারও বলিসনি। আমি সব কথা জেনেছি।’
প্রমা রিকশার হুট তুলে দেয়। রিকশা চলতে থাকে। আমার চোখের আড়াল হয়ে যায় সে।