সামনে বড়দিন। ভারি বেকায়দায় পড়লেন জিম ও ডেলা। একে অপরকে কী উপহার দেবেন, স্থির করতে পারছিলেন না কেউই। ভেবেচিন্তে দুজনেই কী কিনবেন, সেটা ঠিক করলেন। কিন্তু কেনার টাকা কই! নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সেখানে উপহার কেনার টাকা আসবে কোত্থেকে! উপায়ান্তর না দেখে ডেলা তাঁর দীঘল চুল বিক্রি করে স্বামীর পকেটঘড়ির চেইন কিনলেন। কিন্তু হায়! ঘরে ফিরে দেখেন স্বামী তাঁর জন্য দামি চিরুনি কিনে এনেছেন। এবার চেইন লাগাতে জিমের কাছে ঘড়িটা চাইলেন ডেলা। স্বামী মুচকি হেসে জানালেন, চিরুনি কিনতে বেচে দিয়েছেন শখের ঘড়িখানা। দুজন একই সঙ্গে যারপরনাই হতাশ ও পুলকিত। ক্ষুদ্র হলেও উপহার দুটোর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু ছিল অমূল্য। ভালোবেসে প্রিয়জনকে সর্বোৎকৃষ্ট জিনিসটি উপহার দেওয়ার প্রথা কে চালু করেছেন, জানি না। তবে নর্থ ক্যারোলাইনার জন ও এমি কারভ্যানটেস দম্পতির কথা জানি। শিশুদের জন্য যাঁদের মনে ভালোবাসা আকাশছোঁয়া। শিশুদের জন্য প্রায় প্রতিদিনই কিছু না কিছু কেনেন তাঁরা। ভাবছেন, নিজের বাচ্চার জন্য উপহার কে না কেনে! না, কারভ্যানটেস দম্পতির কথা একটু আলাদা। দরিদ্র ও অসহায় শিশুদের জন্য উপহার কেনেন তাঁরা। যুক্তরাষ্ট্রে এখনো এমন অনেক শিশু আছে, যারা জন্মদিনের উৎসব কী জিনিস সেটাই জানে না। কেক কাটা, এক টুকরো চকলেট মুখে পোরা, নতুন জামা গায়ে চড়ে না তাদের। অবহেলিত সেসব শিশুর জন্য জন্মদিনের উৎসব করেন ওই দম্পতি। আর শিশুদের দেন উপহারসামগ্রী। এ পর্যন্ত ৫০০ জন্মদিনের পার্টির আয়োজন করেছেন তাঁরা।২০০৫ সালের কথা। বড় ছেলে অ্যালেক্সের তৃতীয় জন্মদিনে ছোটখাটো ঘরোয়া উৎসবের আয়োজন করেছিলেন জন ও এমি। ছেলেকে খুশি করার জন্য একজন ভাঁড়কে আমন্ত্রণ জানানো হয় সেদিন। বাহারি রঙের কাপড় পরা ভাঁড়ের ভাঁড়ামিপনায় অ্যালেক্স তো হাসতে হাসতে গড়াগড়ি। এমন সময় এমির চোখ পড়ে জানালার দিকে। শার্শিতে দু-তিনটি ফুটফুটে মুখ উঁকি দিচ্ছিল। শিশুগুলোর চোখে এমি সেদিন বিষাদের ছায়া দেখেছিলেন কি না, জানি না। কিন্তু সেই রাতেই স্বামীর কাছে প্রস্তাবটা পাড়েন, ‘চলো, দরিদ্র এসব শিশুর জন্য আমরা কিছু করি। এতে অ্যালেক্সেরও কিছু শেখা হবে।’ জন স্ত্রীর কথায় সায় দেন। পরের দিন তাঁরা বাড়ির কাছে একটি আশ্রয়কেন্দ্রে গেলেন। সেখানে অনেক শিশুর মাঝে দিনটা কাটালেন। কথা বললেন কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে। জানালেন, অসহায় এসব শিশুর কেউ কোনো দিন জন্মদিন পালন করেনি। ব্যথায় আর্দ্র হয়ে ওঠে জন-এমির মন।কয়েক সপ্তাহ পর তাঁরা ওই আশ্রয়কেন্দ্রে একটি জন্মদিনের উৎসবের আয়োজন করলেন। ওই মাসে যে কজন শিশুর জন্মদিন ছিল, তাদের জন্য আনা হলো কেক, চকলেট আর জামা-কাপড়। শিশুগুলোর আনন্দ সেদিন দেখে কে! যেন আসমান নেমে এসেছিল তাদের হাতে। ছোট্ট অ্যালেক্স শিশুদের মাঝে উপহার বিলিয়ে বেড়াচ্ছিল। পাঁচ বছর বয়সী একটি মেয়ে তার উপহারের ব্যাগ খুলে গোলাপি রঙের জামাটা বের করল। জীবজন্তুর ছবি আঁকা ঝলমলে জামাটা হাতে পেয়ে মেয়েটা সে কী খুশি। দৌড়ে সে এমির কাছে এল। জিজ্ঞেস করল, ‘সত্যি এটা আমার! জামাটা আমার কাছে রাখতে পারব?’ ছোট্ট মেয়েটির অমন অবিশ্বাসমাখা প্রশ্ন শুনে চোখে পানি চলে এল এমির। গণ্ডদেশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এমি। স্ত্রীর অশ্রুসজল সেই মুখটা আজও ভুলতে পারেন না জন। তখন থেকেই কারভ্যানটেস দম্পতির জন্মদিনের উৎসবের শুরু।সেই থেকে আজ অবধি চার হাজার গৃহহীন শিশু জন-এমি দম্পতির জন্মদিনের আশীর্বাদ পেয়েছে। কারভ্যানটেস দম্পতির নতুন এ ধারণা দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায়। নর্থ ক্যারোলাইনা ছাড়িয়ে আটলান্টা ও ইন্ডিয়ানার অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি দিনের তরে ঘরহারা শিশুগুলোর মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। যাঁরা সরাসরি শিশুদের কাছে আসতে পারেন না, অর্থসাহায্য পাঠিয়ে দেন। এভাবে বহু মার্কিনির পাঠানো অর্থ আজও জন-এমির উদ্যোগকে টিকিয়ে রেখেছে। বর্তমানে এক লাখ ২৫ হাজার ডলার জমা আছে তাঁদের তহবিলে। প্রায় প্রতি সপ্তাহে জন্মদিনের একেকটা জম্পেশ পার্টির আয়োজন তো চাট্টিখানি কথা নয়। বহু ঝক্কি পোহাতে হয় আয়োজকদের। জিনিসপত্র কেনা বাদে আয়োজনের পেছনেও রয়েছে বহু খরচাপাতি। কিন্তু টাকা তো সীমিত। তাই সেই সীমিত টাকার মধ্যেই ফর্দ করতে হয় জন ও এমিকে। সম্প্রতি তাঁরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রের বড় শিশুদের নিয়ে একটি স্বেচ্ছসেবক দল করেছেন। দলের কাজ হচ্ছে, পার্টির আয়োজনটা গুছিয়ে করা। জন্মদিনের উৎসবে বাচ্চাদের নতুন একটা কিছু কিনে দিলেই চলে—এমন দায়সারা গোছের কাজ করেন না জন-এমি। উৎসবের আগে বাচ্চাদের কার কী পছন্দ, সে সম্পর্কে খোঁজ নেন তাঁরা। বাচ্চারা তাদের জন্মদিনে প্রিয় জিনিসটিই উপহারের ব্যাগে পায়। সাত বছর বয়সী একটি মেয়ে কুকুরছানা খুব পছন্দ করত। জন্মদিনে তুলতুলে, আদুরে একটা কুকুরছানা পেয়ে মেয়েটির আনন্দ তো আর ধরে না। বাস্কেটবল খুবই পছন্দের খেলা ১৬ বছর বয়সী ছেলেটির। উপহারের ব্যাগটা খুলে বাস্কেটবল দেখে তো সে একেবারে থ। বলটা শূন্যে ছুড়ে দেয় ছেলেটি। সঙ্গে তার স্বপ্নটাও যেন শূন্যে পাখা মেলে। উৎসবের যন্ত্র-জোগাড়ের জন্য জন ও এমি গত বছরের ফেব্রুয়ারিতে দুই হাজার বর্গফুটের একটি অফিস নিয়েছেন। শিশুদের জন্য এমন মহত্ উদ্যোগের কথা শুনে কর্তৃপক্ষ অফিসটি বছরে মাত্র এক ডলারে ভাড়া দিয়েছে। এখানেই শেষ নয়। গত জন্মদিনে অ্যালেক্সের জন্য কিছু উপহার পাঠিয়েছিলেন তার নানা-নানি। খামটা খুলে অ্যালেক্স দেখে ভেতরে কিছু ডলার। তখনই সে মাকে গিয়ে বলে, এখান থেকে অর্ধেক টাকা সে শিশুদের জন্য খরচ করবে। মুচকি হেসে ছেলের দিকে তাকান এমি। আর ভাবেন, তাঁর চেষ্টা সার্থক হয়েছে। —রিডার্স ডাইজেস্ট অবলম্বনেআবুল হাসনাত