জন্মদিনের উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট পেরিয়ে নয় বছরে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবিতে জন্মদিনের উচ্ছ্বাসে একদল শিক্ষার্থী
আট পেরিয়ে নয় বছরে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবিতে জন্মদিনের উচ্ছ্বাসে একদল শিক্ষার্থী

একে একে আটটি বছরের অর্জন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পা রাখল তার নবম বছরে। ‘শিক্ষা, প্রগতি ও মুক্তির আলোয়ে প্রদীপ্ত’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছিল ২০ অক্টোবরের দিনটি। তার আগের দিন সন্ধ্যা থেকেই পুরো ক্যাম্পাস ঝলমল করে ওঠে ঝিকিমিকি মরিচবাতির আলোয়ে। সকাল সাড়ে নয়টায় দিনটির শুভসূচনা হয় বর্ণীল বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে।
পরে শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রায়সাহেব বাজার মোড় হয়ে শোভাযাত্রাটি ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। নানা বর্ণের ব্যানার-ফেস্টুন হাতে, বাঁশি বাজিয়ে, একে অন্যকে রং ছিটিয়ে, নেচেগেয়ে উৎসবে মেতে এতে অংশ নেন সব শিক্ষার্থী। আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যান্ড দল তো ছিলই।
শিক্ষার্থীদের বহুদিনের আন্দোলনের ফল ‘আবাসিক হল’ নির্মাণকাজের উদ্বোধন হয় ঠিক তার পরেই। সবার অানন্দ আর ধরে না, পটকাবাজি ফাটিয়ে হইহুল্লোড়ে মেতে ওঠেন সবাই। ক্যাম্পাসের এখানে-ওখানে তখন গানের তালে নাচের ফোয়ারা। ‘...অস্থির আনন্দ! বন্ধুদের সঙ্গে হেসে লুটুপুটি খাওয়ার এই তো সময়,’ বলছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী জনি। সর্বত্র ক্লিক ক্লিক ছবি তোলার হিড়িক। চলছে গাল-গপ্প আর তুমুল আড্ডাবাজি।
বিজ্ঞান অনুষদ চত্বরে বিকাল অবধি চলে আলোচনা সভা। দিবসকে ঘিরে প্রদর্শনী হয় পাথরকুচিপাতা থেকে বিদ্যুৎ উৎপাদন-প্রক্রিয়া। থাকে বাঁধন গ্রুপের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ‘মিউজিক অ্যান্ড ড্রামা’ বিভাগের শিক্ষার্থী, উদীচী শিল্পীগোষ্ঠী ও অন্যান্য সাংস্কৃতিক জোটের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। পরে একে একে মঞ্চে উঠে আসেন প্রখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীর, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার ও ব্যান্ড দল মাইলস। গানে গানে উল্লাসে মাতিয়ে রাখেন শিক্ষার্থীদের।
দিনশেষে ক্লান্ত দেহে সবাই ঘরে ফেরেন উৎসবের আনন্দ গায়ে মেখে।