জন্মদিনের কেক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তখন ঠাকুরগাঁও গার্লস স্কুলে পড়তাম। ক্লাস সেভেনের ঘটনা। মৌরি, নিশিতা, লাকি, সুমনা, নওশিন—তাদের একটা প্রভাবশালী ভালো ছাত্রীদের দল ছিল; সবকিছুতে তাদেরই হাঁকডাক। তো সেবার ভাষা প্রতিযোগের ভেন্যু হয়েছিল রংপুরে। স্কুল থেকে সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে৷ আমি, স্মরণী, জিম, প্রমি—আমাদের ইচ্ছা ছিল আমরা প্রতিযোগে যাব, পিকনিকের মতো বেশ মজা হবে! তাই আমরা মৌরিদের কাছে নাম জমা দিলাম ক্লাস টিচারের কাছে জমা দেওয়ার জন্য। কিন্তু প্রতিবারের মতো একই ঘটনা ঘটল। শুধু তাদের দলটাকে নিয়ে যাওয়া হলো আমাদের শ্রেণি থেকে। আসলে ভেতরের ঘটনা হচ্ছে মৌরিরা বাকিদের নামগুলো কেটে দিত!
তাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা তখন মাঝেমধ্যেই চিন্তা করতে বসতাম, কীভাবে কী করা যায়। হঠাৎ একদিন শুনি নওশিনের জন্মদিন। তারা স্কুল শেষে নওশিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক এনে ডেস্কে লুকিয়ে রেখেছে। আমাদের মাথায় সঙ্গে সঙ্গে দুষ্টু বুদ্ধি চেপে গেল। সেই কেক আমরা লুকিয়ে পুরোটা খেয়ে সাবাড় করব! যেমন কথা তেমন কাজ! টিফিন পিরিয়ডের শেষের দিকে ক্লাসরুম মোটামুটি ফাঁকা থাকে। আমি আর জিম খুব সাবধানে কেকটা পেছনের জানালা দিয়ে প্রমিদের পাঠিয়ে দিয়ে স্কুলের পেছনে গিয়ে গপাগপ খেয়ে ফেললাম! আর স্কুল শেষে তাদের হাঁ করা মুখগুলো ছিল দেখার মতো! সেই জন্মদিনে নওশিন আসলেই একটা সত্যিকারের সারপ্রাইজ পেয়েছিল!
হৃদি বর্মা, গুপ্তপাড়া, রংপুর